পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ বাড়ল, বিভিন্ন রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার
https://parstoday.ir/bn/news/india-i94586-পশ্চিমবঙ্গে_করোনা_পরিস্থিতিতে_বিধিনিষেধের_মেয়াদ_বাড়ল_বিভিন্ন_রাজ্যকে_সতর্ক_করল_কেন্দ্রীয়_সরকার
ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ ৩০ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ (বুধবার) রাজ্য সচিবালয়ে নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ওই তথ্য জানানো হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ১৪, ২০২১ ১৪:৫৩ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ বাড়ল, বিভিন্ন রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার

ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ ৩০ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ (বুধবার) রাজ্য সচিবালয়ে নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ওই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে রাজ্যগুলোকে সতর্ক করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। আজ  (বুধবার) অজয় ভাল্লা ওই চিঠিতে দেশের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমতেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। ছন্দে ফিরছে একাধিক এলাকা। এরমধ্যেই চিন্তা বাড়াচ্ছে গণপরিবহণ, জনবহুল এলাকায় কোভিডবিধি লঙ্ঘনের ঘটনা। এমন পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্র সরকারশাসিত অঞ্চলের প্রশাসনকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। কোভিড হটস্পট চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা গ্রহণেরও   পরামর্শ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, কোনও এলাকায় যদি কোভিডবিধি ভাঙা হয় তাহলে পরবর্তী কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য তাদের তৈরি থাকতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোকানপাট, বাজার, মল, রেস্তরাঁ, পানশালা, বাসস্টপ, স্টেশনের মতো জনবহুল এলাকায় বিধিনিষেধ লঙ্ঘন হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন বলেও কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে।   

এদিকে, পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন থেকে আজ সরকারি বিজ্ঞপ্তিতে লোকাল ট্রেন আগের মতই বন্ধ থাকার কথা বলা হয়েছে। তবে স্টাফ স্পেশ্যাল ট্রেন চলবে। আংশিক ভাবে খুলছে মেট্রো রেল পরিসেবা। শনি ও রোববার বাদে সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো রেল। এজন্য দৈনিক মেট্রো স্যানিটাইজ করতে হবে। এবং এর কর্মী ও যাত্রীদের  নির্দিষ্ট বিধিনিষেধ মেনে চলতে হবে।

নবান্নের পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস, ফেরি, ট্রাম, ট্যাক্সি, ক্যাব ও অটো চলবে। এক্ষেত্রে চালক ও যাত্রীদের কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/ ১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।