হিমাচল প্রদেশে ব্যাপক ভূমিধ্বসে মৃত ২, ধ্বংসস্তূপে বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা
https://parstoday.ir/bn/news/india-i95798-হিমাচল_প্রদেশে_ব্যাপক_ভূমিধ্বসে_মৃত_২_ধ্বংসস্তূপে_বহু_মানুষের_আটকে_পড়ার_আশঙ্কা
ভারতের হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় ব্যাপক ভূমিধ্বসের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে ৫০/৬০ জনেরও বেশি মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০২১ ১৪:১০ Asia/Dhaka
  • হিমাচল প্রদেশে ব্যাপক ভূমিধ্বসে মৃত ২, ধ্বংসস্তূপে বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা

ভারতের হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় ব্যাপক ভূমিধ্বসের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে ৫০/৬০ জনেরও বেশি মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আজ (বুধবার) দুপুর পৌনে ১টা নাগাদ রেকংপেও-শিমলা সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। একটি বাসের মাথায় পাথরের চাঁই এসে পড়ে। ওই বাসটি ছাড়া আরও বেশ কয়েকটি গাড়ি পাহাড় থেকে গড়িয়ে আসা বোল্ডারের নীচে চাপা পড়েছে বলে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে।   
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে  ওই বিষয়ে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশকে (আইটিবিপি) নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশ সরকারকে উদ্ধার ও ত্রাণ কাজে সব ধরণের সহায়তা দিতে। 

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অমিত শাহ রাজ্যে ভূমিধ্বসের বিষয়ে খোঁজ নিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

হিমাচল প্রদেশের কিন্নৌরের বিধায়ক জগৎ সিং নেগি আজ বিকেলে বলেন, ‘আমার নির্বাচনী এলাকা কিন্নৌরে নিগুলসারী নামে একটি জায়গা আছে, রামপুরের দিকে প্রায় ২ কিমি পিছনে, ভূমিধ্বসের কারণে এখনও একটি বাস চাপা পড়ে আছে। কিছু ছোট যানবাহন এবং একটি ট্রাকও চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। বাসের চালককে বের করে আনা হয়েছে।’ 

‘লাইভ হিন্দুস্তান ডট কম’ ওয়েবসাইট সূত্রে প্রকাশ, মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর  বলেছেন,  ভূমিধ্বসের ধ্বংসস্তূপের নীচেয় ৫০/৬০ জন মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযানের অংশ হিসেবে এখনও পর্যন্ত বাসের চালক ও কন্ডাক্টরসহ চারজনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। বর্তমানে ভারতীয় সেনা, আইটিবিপি, এনডিআরএফ এবং পুলিশের দল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। এখনও কিছু ভূমিধ্বসের ঘটনা ঘটছে, কিন্তু এরইমধ্যে উদ্ধার অভিযান চলছে।   

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই দুর্ঘটনার বিষয়ে কথা বলে খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে কিন্নৌর দুর্ঘটনায় উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। #

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।