ভারতের কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে অকালি দলের 'কালো দিবস’ পালিত, আটক ১৫
https://parstoday.ir/bn/news/india-i97500-ভারতের_কেন্দ্রীয়_কৃষি_আইনের_বিরুদ্ধে_অকালি_দলের_'কালো_দিবস’_পালিত_আটক_১৫
ভারতের কেন্দ্রীয় সরকারের আনা তিনটি কৃষি আইন প্রণয়নের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সাবেক মিত্র শিরোমণি আকালি দল (এসএডি) 'কালো দিবস’ পালন করেছে। আজ (শুক্রবার) দলটির পক্ষ থেকে দিল্লিতে ওই কর্মসূচি পালন করার সময়ে তাদের শীর্ষ নেতাদের আটক করে পুলিশ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১৪:৪১ Asia/Dhaka
  • ভারতের কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে অকালি দলের 'কালো দিবস’ পালিত, আটক ১৫

ভারতের কেন্দ্রীয় সরকারের আনা তিনটি কৃষি আইন প্রণয়নের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সাবেক মিত্র শিরোমণি আকালি দল (এসএডি) 'কালো দিবস’ পালন করেছে। আজ (শুক্রবার) দলটির পক্ষ থেকে দিল্লিতে ওই কর্মসূচি পালন করার সময়ে তাদের শীর্ষ নেতাদের আটক করে পুলিশ।

অকালি দলের কর্মীরা এ সময়ে গুরুদোয়ারা রাকাবগঞ্জ থেকে দিল্লির পার্লামেন্ট ভবন পর্যন্ত পদযাত্রা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। অকালি প্রধান সুখবীর সিং বাদল এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদলসহ ১৫ জন দলীয় নেতাকে দিল্লি পুলিশ গ্রেফতার করে তাদেরকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যায়।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাদল বলেন, দলীয় কর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধ করা হয়েছে। আমরা এখানে এসেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বার্তা দিতে যে শুধু পাঞ্জাব নয়, গোটা দেশ এই সরকারের বিরুদ্ধে।

অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদলের অভিযোগ, দেশে একটি অঘোষিত জরুরি অবস্থা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ‘দিল্লি পুলিশের পক্ষ থেকে শহরের প্রবেশ পয়েন্ট সিল করা এবং গুরুদোয়ারা রাকাবগঞ্জ পৌঁছনোর সময়ে অকালি দলের কর্মীদের আটক করা অত্যন্ত নিন্দনীয়। আমি ফোন কল এবং ভিডিও যা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে কীভাবে পুলিশ তিনটি কৃষি আইনের বিরুদ্ধে এই মিছিল বানচাল করতে চায়। এটি একটি অঘোষিত জরুরি অবস্থা।’

গণমাধ্যমে প্রকাশ, আজ কিছু অকালি কর্মী কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পাঞ্জাব থেকে দিল্লিতে আসতে চেয়েছিলেন, আবার কেউ কেউ শহর জুড়ে সংসদ পর্যন্ত প্রতিবাদ মিছিলে যোগ দিতে চেয়েছিলেন। এরফলে দিল্লির অনেক এলাকা জ্যাম হয়ে যায়। এ সময়ে পুলিশ কিছু জায়গায় ব্যারিকেড লাগিয়ে দলীয় কর্মীদের বাধা দেয়। পাঞ্জাব থেকে দিল্লিতে আসা কর্মীদেরও ফিরিয়ে দেওয়া হয়।

দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিরোমণি অকালি দলের নেতৃত্বাধীন প্রতিবাদ মিছিলটি গুরুদোয়ারা রাকাবগঞ্জ থেকে পার্লামেন্ট পর্যন্ত করার কথা ছিল, কিন্তু করোনাভাইরাস মহামারির বিস্তার এবং বিদ্যমান নির্দেশনার পরিপ্রেক্ষিতে অনুমতি দেওয়া হয়নি।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।