আফগানিস্তান বিষয়ক সম্মেলনে যোগ দিতে চীন গেলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i105858-আফগানিস্তান_বিষয়ক_সম্মেলনে_যোগ_দিতে_চীন_গেলেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং গেছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় সম্মেলন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ২৯, ২০২২ ১৪:৫০ Asia/Dhaka
  • চীন গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
    চীন গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং গেছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় সম্মেলন।

আগামীকাল মঙ্গল ও বুধবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সফরে আবদুল্লাহিয়ানের সঙ্গে একটি রাজনৈতিক প্রতিনিধিদল রয়েছে। এই সম্মেলনে অংশ নেবেন ইরান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিংবা তাদের প্রতিনিধিরা।  

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের তুংশিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে তালেবান সরকারের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অংশ নেবেন।

গত ১৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতার পট পরিবর্তনের পর সেপ্টেম্বর মাসে পাকিস্তান প্রথম একটি সম্মেলনের আয়োজন করে। এর পরের মাসে ইরানের রাজধানী তেহরানে একই রকমের একটি সম্মেলনের আয়োজন করা হয়।  

মার্কিন সমর্থিত আশরাফ গনি সরকারের পতনের পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে। শুধু তাই নয়, আফগানিস্তানের এক হাজার কোটি ডলারের রাষ্ট্রীয় সম্পদও বাজেয়াপ্ত করেছে ওয়াশিংটন। অথচ আফগানিস্তান প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যদিয়ে সময় পার করছে।#

পার্সটুডে/এসআইবি/২৮