ইরানের মাজারে সন্ত্রাসী হামলার দায়ে ২ জনের ফাঁসি ৩ জনের কারাদণ্ড
https://parstoday.ir/bn/news/iran-i120856-ইরানের_মাজারে_সন্ত্রাসী_হামলার_দায়ে_২_জনের_ফাঁসি_৩_জনের_কারাদণ্ড
ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরের শাহ চেরাগ মাজারে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা চালানোর দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। গত বছরের ২৬ অক্টোবর চালানো ওই সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৯, ২০২৩ ১১:৩৯ Asia/Dhaka
  • ইরানের মাজারে সন্ত্রাসী হামলার দায়ে ২ জনের ফাঁসি ৩ জনের কারাদণ্ড

ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরের শাহ চেরাগ মাজারে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা চালানোর দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। গত বছরের ২৬ অক্টোবর চালানো ওই সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছিল।

ইরানের ফার্স প্রদেশের বিচার বিভাগের প্রধান কাজেম মুসাভি বলেছেন, ওই সন্ত্রাসী হামলায় জড়িত দুই মূল অভিযুক্তের বিরুদ্ধে ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি, সশস্ত্র বিদ্রোহ এবং জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা মাজারে হামলাকারী একমাত্র সন্ত্রাসীকে অস্ত্র সরবরাহ করাসহ সব রকম সহযোগিতা করেছে। হামলাকারী সন্ত্রাসী ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত ও পরে হাসপাতালে মারা যায়। এ ঘটনায় সহযোগিতাকারী অপর তিন অভিযুক্তকে পাঁচ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়েছে। ২০২২ সালের ২৬ অক্টোবর ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর শিরাজে অবস্থিত শাহ চেরাগ মাজারে ঢুকে এলোপাথারি গুলি চালায় এক সশস্ত্র সন্ত্রাসী। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস ওই হামলার দায় স্বীকার করে।

ইরানের নিরাপত্তা বাহিনী এ হামলায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে গ্রেফতার করে এবং ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দুই সপ্তাহ পরে এক বিবৃতিতে জানায়, হামলায় জড়িত থাকার দায়ে ২৬ জন উগ্র জঙ্গিকে আটক করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব ব্যক্তি আজারবাইজান, তাজিকিস্তান ও আফগানিস্তানের নাগরিক।

মুসাভি আরো জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামী স্বীকার করেছে যে, তারা দায়েশের রিং লিডারদের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালাতে সার্বিক সহযোগিতা করেছে। ফার্স প্রদেশের আদালতের এই রায়ের বিরুদ্ধে পাঁচ অভিযুক্তই উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।