প্রথম ভাইস প্রেসিডেন্ট মোখবেরের ঘোষণা
সৌদি রাজার রিয়াদ সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন প্রেসিডেন্ট রায়িসি
-
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ আলে সৌদের রিয়াদ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের গতকাল (সোমবার) বার্তা সংস্থা ‘মেহর’কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, “রাজা সালমান ইরানের প্রেসিডেন্টকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং ওই আমন্ত্রণের ইতিবাচক জবাব দেয়া হয়েছে।” সৌদি আরবসহ পারস্য উপসাগর তীরবর্তী অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্কের প্রতি ইঙ্গিত করে মোখবের বলেন, রায়িসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দিন থেকেই আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করেন।
এর আগে গত ১৯ মার্চ প্রেসিডেন্ট রায়িসির উপ দফতর প্রধান মোহাম্মাদ জামশিদি জানিয়েছিলেন, সৌদি রাজা সালমান তার দেশ সফরের জন্য প্রেসিডেন্ট রায়িসিকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে রায়িসি সে আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা তা সে সময় জামশিদি জানাননি।
ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চীনের রাজধানী বেইজিং-এ একটি চুক্তি স্বাক্ষরের পর এ আমন্ত্রণ জানানো হয়।ওই আমন্ত্রণকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখাা হচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৪