কুদস দিবসের শোভাযাত্রা
ইসরাইল ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে: ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য
ইহুদিবাদী ইসরাইল ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা। গতকাল (শুক্রবার) বিশ্বব্যাপী পালিত আন্তর্জাতিক কুদস দিবসের প্রতি বিশ্ব মুসলিমের অকুণ্ঠ সমর্থনের কথা উল্লেখ করে তারা এ মন্তব্য করেছেন।
ইরানসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে শুক্রবার কুদস দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত শোভযাত্রায় শীর্ষস্থানীয় সেনা কমান্ডাররা অংশগ্রহণ করেন।
ইরানের প্রধান সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ শহরের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি বলেন, কুদস দিবস মুসলিম বিশ্বের সামনে ফিলিস্তিন ইস্যুর গুরুত্ব তুলে ধরেছে। ফিলিস্তিন এখন আর শুধু ইহুদিবাদীদের দখলদারিত্ব-কেন্দ্রীক সমস্যা নয় বরং এটি দাম্ভিক ফ্রন্টের সঙ্গে মুসলমানদের সংঘাতের ক্ষেত্রে পরিণত হয়েছে।
তিনি বলেন, ইসলামের শত্রুরা ব্যাপকভিত্তিক প্রচারণা চালিয়ে মুসলিম জনমতের দৃষ্টিকে ফিলিস্তিন ইস্যু থেকে অন্যদিকে সরিয়ে রাখার চেষ্টা করছে যাতে শিশু হত্যাকারী ইসরাইল সরকার তার অপরাধযজ্ঞ চালিয়ে যেতে পারে। জেনারেল মুসাভি বলেন, কিন্তু বিগত কয়েক মাস ধরে ইসরাইল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে পরিস্থিতি বদলে যাচ্ছে বলে ইসরাইল সরকার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ইস্পাহানের শোভাযাত্রায় অংশ নিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। জর্দান নদীর পশ্চিম তীর এবং তেল আবিবেও এখন প্রতিরোধ যোদ্ধাদের অভিযান পারিচালিত হচ্ছে।
এছাড়া, রাজধানী তেহরানের কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ-রেজা রাদান বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোকে মুসলমানরা তাদের ধর্মীয় দায়িত্ব মনে করে। এভাবে গোটা মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালে ইহুদিবাদী ইসরাইল পালানোর পথ খুঁজে পাবে না বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।