বিশ্ব পরিস্থিতি স্বাধীনচেতা দেশগুলোর অনুকূলে বদলে যাচ্ছে: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i122086-বিশ্ব_পরিস্থিতি_স্বাধীনচেতা_দেশগুলোর_অনুকূলে_বদলে_যাচ্ছে_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর অনুকূলে পরিবর্তিত হচ্ছে; আর এটি সম্ভব হয়েছে ইরান ও সিরিয়ার দীর্ঘদিনের আন্তরিক সহযোগিতা এবং এই দু’টি মুসলিম দেশের ঐতিহাসিক প্রতিরোধের কারণে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৮, ২০২৩ ০৫:১৫ Asia/Dhaka
  • বাশার আল-আসাদ ও সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    বাশার আল-আসাদ ও সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর অনুকূলে পরিবর্তিত হচ্ছে; আর এটি সম্ভব হয়েছে ইরান ও সিরিয়ার দীর্ঘদিনের আন্তরিক সহযোগিতা এবং এই দু’টি মুসলিম দেশের ঐতিহাসিক প্রতিরোধের কারণে।

তিনি সিরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে লেখা এক অভিনন্দন বার্তায় এ মন্তব্য করেন। ১৯৪৬ সালের ১৭ এপ্রিল সিরিয়া থেকে ফ্রান্সের সর্বশেষ সেনা প্রত্যাহারের মাধ্যমে দেশটি পূর্ণ স্বাধীনতা অর্জন করেছিল।

তেহরান ও দামেস্কের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী হলে তা দু’দেশের জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে বার্তায় মন্তব্য করেন প্রেসিডেন্ট রায়িসি।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে ইরানের প্রেসিডেন্ট তার সিরীয় সমকক্ষের সঙ্গে এক টেলিফোনালাপেও একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেছিলেন, বিশ্ব পরিস্থিতি দাম্ভিক শক্তি ও ইহুদিবাদী ইসরাইলের বিপক্ষে এবং প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে বদলে যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৮