মুসলিম রাষ্ট্র বা সরকার প্রধানদের পৃথক শুভেচ্ছা বার্তা প্রেরণ
বিশ্ব মুসলিমকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইরানের প্রেসিডেন্ট রায়িসি
-
প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ঈদকে উপলক্ষ করে মুসলিম বিশ্বে আরো বেশি ঐক্য ও সহযোগিতা গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন।
মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দের কাছে পাঠানো পৃথক শুভেচ্ছা বার্তায় রায়িসি বলেন, ঈমানদার মুসলিম জনগোষ্ঠীর জন্য পবিত্র ঈদুল ফিতর আনন্দ ও গৌরব বয়ে এনেছে। এই ঈদের কল্যাণে এবং ইসলামের মহান শিক্ষা গ্রহণ করে মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে ঐক্য, সংহতি ও সহযোগিতা শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সব মুসলিম দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের কাছে এই বার্তা পাঠানোর পাশাপাশি প্রেসিডেন্ট রায়িসি শুক্রবার ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাশাতের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এ সময় তিনি ইয়েমেনের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইয়েমেনের জনগণ যাতে আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য তেহরান তাদেরকে সব রকম সহযোগিতা দিয়ে যাবে।
সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্দান, সুদান, সিরিয়া, ইসরাইল অধিকৃত ফিলিস্তিন, পারস্য উপসাগরীয় বেশিরভাগ দেশ, আফ্রিকা মহাদেশের বেশিরভাগ দেশ এবং ইউরোপ ও আমেরিকা মহাদেশের বহু দেশে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
সেইসঙ্গে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ইরান ও ইরাকে ৩০টি রোজা পালিত হয়ে আজ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। অন্যদিকে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ২৯টি রোজা পালন শেষে আজ (শনিবার) ঈদুল ফিতর পালিত হচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।