ইরানকে একঘরে করে রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i124054-ইরানকে_একঘরে_করে_রাখার_মার্কিন_প্রচেষ্টা_ব্যর্থ_হয়েছে_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থা- এসসিও এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা- ব্রিকসে ইরানের সক্রিয় উপস্থিতি প্রমাণ করে, এদেশকে একঘরে করে রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০২৩ ০৪:৫৯ Asia/Dhaka
  • ইরানকে একঘরে করে রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থা- এসসিও এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা- ব্রিকসে ইরানের সক্রিয় উপস্থিতি প্রমাণ করে, এদেশকে একঘরে করে রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দু’দিনব্যাপী সম্মেলনের অবকাশে প্রেসটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। কেপ টাউনে ব্রাজিল, ভারত, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, কমোরোস ও গ্যাবনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন আমির-আব্দুল্লাহিয়ান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা তাদের নিজস্ব স্বার্থ রক্ষার তাগিদে কাজ করে। আমাদের পরিষ্কার ও সোজাসাপ্টা বার্তা হচ্ছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে একঘরে করে রাখা বা পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়।

ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত দিক দিয়ে ইরানের গুরুত্ব তুলে ধরে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, তেহরান কোনো অবস্থায় একতরফা ও এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা মেনে নিতে প্রস্তুত নয়।একইসঙ্গে বহুপাক্ষিক ও বহুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ উত্তরের সঙ্গে দক্ষিণ এবং প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের ট্রানজিট রুটের ওপর অবস্থান করছে। তিনি বলেন, ইরান এই সুবিধা কুক্ষিগত করে রাখতে চায় না বরং সবাইকে এই সুবিধা ভোগ করতে দিয়ে নিজেও উপকৃত হতে চায়।ভূ-রাজনৈতিক কারণেই ইরানকে পাশ কাটিয়ে কোনো কিছু করা সম্ভব নয় বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।