জেদ্দায় কন্সুলেট খুলল ইরান, রিয়াদে দূতাবাসের কার্যক্রম শুরু
https://parstoday.ir/bn/news/iran-i124132-জেদ্দায়_কন্সুলেট_খুলল_ইরান_রিয়াদে_দূতাবাসের_কার্যক্রম_শুরু
ইসলামি প্রজাতন্ত্র ইরান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় কন্সুলেট অফিস চালু করেছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ০৮, ২০২৩ ০৫:২৩ Asia/Dhaka
  • জেদ্দায় কন্সুলেট খুলল ইরান, রিয়াদে দূতাবাসের কার্যক্রম শুরু

ইসলামি প্রজাতন্ত্র ইরান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় কন্সুলেট অফিস চালু করেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে দূতাবাস চালু করার একদিন পর গতকাল (বুধবার) ইরান এই কন্সুলেট অফিস খুলল। ২০১৬ সালে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর ইরান এই কন্সুলেট অফিস বন্ধ করে দেয়। কিন্তু গত ১০ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি হয় তার আওতায় ইরান আবার দূতাবাস ও কন্সুলেট অফিস চালু করল।

রিয়াদে ইরানের দূতাবাস

গতকাল কন্সু‌লেট অফিস চালু করার অনুষ্ঠানে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কন্সুলেট অফিস উদ্বোধনের সময় ইরানের জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় সংগীত বাজানো হয়।এর পাশাপাশি জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র সদর দপ্তরে ইরানের স্থায়ী প্রতিনিধির কার্যালয় খোলা হয়েছে। এ নিয়ে সেখানে আলাদা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, মঙ্গলবার রিয়াদে দূতাবাস চালু করার পরপরই সেখানে কার্যক্রম শুরু করেছে ইরান। ইরানি হজযাত্রীদের সেবা দিতে দ্রুত তেহরানকে কার্যক্রম শুরু করতে হয়েছে।চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে যে সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি হয়েছে তার আওতায় বেশ দ্রুতই দুই দেশ নানা পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে মধ্যপ্রাচ্যে যেমন শান্তির সুবাতাস বয়ে যাবে, তেমনি সেখানকার রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বিরাট ইতিবাচক পরিবর্তন আসবে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।