গাজার স্কুলে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i140480-গাজার_স্কুলে_ভয়াবহ_বোমা_হামলার_তীব্র_নিন্দা_জানালেন_ইরানের_প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ প্রতিহত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০২৪ ০৭:৩৩ Asia/Dhaka
  • গাজার স্কুলে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ প্রতিহত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল (শনিবার) গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানাতে গিয়ে ওই আহ্বান জানান।

গাজা সিটির আদ-দারাজ এলাকার আত-তাবিন স্কুলে শনিবার ভোরে ফজরের নামাজের সময় ওই বোমা হামলা চালায় ইহুদিবাদী সেনারা। এ ঘটনায় অন্তত ১০০ ফিলিস্তিনি শহীদ হন যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন।

পেজেশকিয়ান বলেন, “এই অপরাধযজ্ঞ চালিয়ে ইহুদিবাদী সরকার আরেকবার নিজের পাশবিক চেহারাকে বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিল।”

ইরানের প্রেসিডেন্ট বলেন, এই ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে মানবাধিকারের কথিত রক্ষক পশ্চিমা দেশ ও সংস্থাগুলোর সমর্থন ও পৃষ্ঠপোষকতায়। তিনি বলেন, তেল আবিব সরকার অভ্যন্তরীণ সঙ্কট ও অদক্ষতা ঢেকে রাখার জন্য এই ধরনের নৃশংস অপরাধ করছে। 

ইরানের প্রেসিডেন্ট এই ট্র্যাজেডির শহীদ ও ক্ষতিগ্রস্তদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সংহতি প্রকাশ করেন এবং ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমবেদনা জানান।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন