ইরান-মার্কিন পরোক্ষ আলোচনা: মূলনীতি নিয়ে সমঝোতা, খসড়া প্রণয়ন নিয়ে অগ্রগতি
https://parstoday.ir/bn/news/iran-i157142-ইরান_মার্কিন_পরোক্ষ_আলোচনা_মূলনীতি_নিয়ে_সমঝোতা_খসড়া_প্রণয়ন_নিয়ে_অগ্রগতি
পার্সটুডে: জেনেভায় অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা দিকনির্দেশক কয়েকটি নীতিতে সমঝোতার মাধ্যমে নতুন পর্যায়ে প্রবেশ করেছে। উভয় পক্ষ সম্ভাব্য একটি চুক্তির খসড়া প্রণয়নের লক্ষ্যে পাঠ্য পর্যালোচনার ধাপ শুরু করতে সম্মত হয়েছে।
(last modified 2026-02-18T05:50:58+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১১:৪৮ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে: জেনেভায় অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা দিকনির্দেশক কয়েকটি নীতিতে সমঝোতার মাধ্যমে নতুন পর্যায়ে প্রবেশ করেছে। উভয় পক্ষ সম্ভাব্য একটি চুক্তির খসড়া প্রণয়নের লক্ষ্যে পাঠ্য পর্যালোচনার ধাপ শুরু করতে সম্মত হয়েছে।

জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মঙ্গলবার ঘোষণা করেন, জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা আগের বৈঠকের তুলনায় আরও গঠনমূলক পরিবেশে হয়েছে। তিনি জানান, উভয় পক্ষ আলোচনার জন্য কিছু দিকনির্দেশক নীতির ওপর সামগ্রিক সমঝোতায় পৌঁছেছে, যা সম্ভাব্য চুক্তির খসড়া পর্যালোচনার পথ খুলে দিয়েছে।

আরাকচি বলেন, জেনেভায় ওমান দূতাবাসে এই আলোচনা অনুষ্ঠিত হয় এবং তা ছিল পরোক্ষ। সোমবার থেকে কারিগরি পর্যায়ের পরামর্শ বৈঠক শুরু হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির উপস্থিতিতে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনার এ দফায় 'গুরুত্বপূর্ণ ও জটিল' বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিভিন্ন প্রস্তাব খতিয়ে দেখা হয়েছে। তিনি বলেন, কিছু মৌলিক দিকনির্দেশক নীতিতে সামগ্রিক সমঝোতা হওয়ায় এখন আলোচনার সামনে একটি তুলনামূলকভাবে স্পষ্ট পথ তৈরি হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, এ সমঝোতা চূড়ান্ত চুক্তি নয়; বরং পরবর্তী ধাপের জন্য একটি কাঠামো নির্ধারণ।

খসড়া পর্যালোচনা পর্যায়ে প্রবেশ

ইরানের শীর্ষ কূটনীতিক ঘোষণা করেন, তেহরান ও ওয়াশিংটন সম্মত মূলনীতির ভিত্তিতে প্রস্তাবিত খসড়াগুলোর ওপর কাজ শুরু করার এবং সেগুলো বিনিময়ের পর তৃতীয় দফা আলোচনার সময় নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে। আরাকচির ভাষায়, এখনও কিছু মতপার্থক্য বিদ্যমান এবং অবস্থান কাছাকাছি আনতে আরও সময় ও আলোচনার প্রয়োজন রয়েছে। তবে সামগ্রিকভাবে অগ্রগতি হয়েছে এবং আলোচনার গতিপথ এখন আরও পরিষ্কার।

রোডম্যাপ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত না হলেও একটি কার্যকর কাঠামো তৈরি হয়েছে, যা পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারণে সহায়ক হবে।

ইরান দীর্ঘদিন ধরে কার্যকর নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থনৈতিক সুবিধার নিশ্চয়তা এবং আন্তর্জাতিক বিধিমালার আওতায় নিজেদের পারমাণবিক অধিকারের সংরক্ষণের ওপর জোর দিয়ে আসছে। তেহরান জেনেভা আলোচনাকে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই চুক্তির দিকে অগ্রসর হওয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে মূল্যায়ন করছে।#

পার্সটুডে/এমএআর/১৮