ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রথম সাক্ষাতে পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i159234-ইরানি_নেতার_মতো_বিনয়ী_ও_আন্তরিক_মানুষ_আমি_দেখিনি_প্রথম_সাক্ষাতে_পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর বিনয়, আন্তরিকতা ও মানুষের প্রতি শ্রদ্ধাবোধের প্রশংসা করেছেন।
(last modified 2026-05-07T14:31:25+00:00 )
মে ০৭, ২০২৬ ২০:২৪ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর সঙ্গে মাসুদ পেজেশকিয়ানের বৈঠক
    আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর সঙ্গে মাসুদ পেজেশকিয়ানের বৈঠক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর বিনয়, আন্তরিকতা ও মানুষের প্রতি শ্রদ্ধাবোধের প্রশংসা করেছেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি দেশের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা খামেনেয়ীর সাথে প্রথমবারের মতো সরাসরি দেখা করেছেন। বুধবার শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় সফরের সময় এই সাক্ষাৎ সম্পর্কে তিনি বলেন, বৈঠকটি খুবই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রায় আড়াই ঘণ্টা ধরে আলোচনা চলে। 

পেজেশকিয়ান বলেন, বৈঠকে সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে মুগ্ধ করেছে, তা হলো নেতার বিনয়ী, আন্তরিক ও শ্রদ্ধাশীল আচরণ। তার এই আচরণ পুরো আলোচনায় আস্থা, শান্তি ও সহমর্মিতার পরিবেশ তৈরি করে।’

ইরানি প্রেসিডেন্টের মতে, দেশের সর্বোচ্চ নেতা যখন কর্মকর্তাদের সঙ্গে এত সরলতা ও সম্মানের সঙ্গে আচরণ করেন, তখন সেটি পুরো প্রশাসনের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, দেশের প্রশাসনের সব স্তরে পারস্পরিক আস্থা, ঐক্য ও সহমর্মিতা বাড়ানো জরুরি।

প্রেসিডেন্টে বলেন, জনগণের কাছে থাকা, তাদের কথা শোনা এবং দায়িত্বশীল আচরণ করাই নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত।

উল্লেখ্য, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শহীদ হওয়ার পর তার দ্বিতীয় ছেলে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী ইসলামী বিপ্লবের নেতার দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৮ ফেব্রুয়ারির হামলার পর ইরানে কয়েক সপ্তাহ ধরে সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়। জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে।#

পার্সটুডে/এমএআর/৭