আরব আমিরাতের প্রতিনিধিকে আরাকচির খোঁচা
'আপনারা ইরানের বিরুদ্ধে আগ্রাসনে একজন সক্রিয় সহযোগী ছিলেন'
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি
পার্সটুডে - ব্রিকস বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধির ভিত্তিহীন দাবির জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসনে আপনারা সক্রিয় অংশীদার ছিলেন।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী,বৃহস্পতিবার নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বৈঠকে উপস্থিত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধির ভিত্তিহীন দাবির জবাবে বলেন: “আপনি আন্তর্জাতিক আইনের কথা বলছেন, কিন্তু দয়া করে আমাকে বলুন আন্তর্জাতিক আইনের কোন অংশ আপনাকে কোনো কারণ ছাড়া এবং পূর্ব উস্কানি ছাড়াই আগ্রাসনের একটি কাজকে সমর্থন করার অনুমতি দেয়?” “গতকাল এটি প্রকাশিত হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমানগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অংশ নিয়েছে এবং এমনকি আমাদের বিরুদ্ধে সরাসরি হামলাও চালিয়েছে। সুতরাং, সংযুক্ত আরব আমিরাত এই আগ্রাসনের একটি সক্রিয় অংশীদার।”
ব্রিকস বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিকে উদ্দেশ্য করে আরাকচি আরও বলেন: আপনারা ইরানের মিনাব স্কুলের ওপর নৃশংস হামলার নিন্দা পর্যন্ত করেননি এবং আপনারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী আগ্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন;আর এসব করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসনব্যবস্থাকে সামরিক ঘাঁটি, আকাশসীমা, ভূমি এবং বিভিন্ন স্থাপনা সরবরাহ করার মাধ্যমে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন: সবাই জানে যে আমরা যখন আলোচনার মাঝামাঝি ছিলাম, তখন মার্কিনীরা এবং ইসরায়েলিরা আমাদের ওপর হামলা চালায় এবং আমরা অবাক হয়েছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে আমাদের ভাইয়েরা আগ্রাসনকারীদের সাথে সক্রিয়ভাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের কূটনৈতিক পরিষেবার প্রধান স্মরণ করিয়ে দেন: তবে, আমরা সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলা করিনি। আমরা কেবল সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিলাম; দুর্ভাগ্যবশত এই স্থাপনাগুলো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অবস্থিত এবং আমরা মার্কিন বাহিনী ও মার্কিন সামরিক ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছিলাম এবং তারা যত বেশি আমাদের ওপর হামলা করেছে, আমরা তত বেশি আত্মরক্ষা করেছি।
আরাকচি আরও বলেন, আমি সংযুক্ত আরব আমিরাতে আমার ভ্রাতৃপ্রতিম বন্ধুদের পরামর্শ দিচ্ছি, যারা দেখেছে যে তাদের ভূমিতে মার্কিন বাহিনী এবং সামরিক ঘাঁটির উপস্থিতি তাদের নিরাপত্তা দেয়নি। ইসরায়েলিদের সাথে আপনাদের জোটও আপনাদের রক্ষা করেনি। তাই আপনাদের চিন্তাভাবনা পুনর্বিবেচনা করুন।#
পার্সটুডে/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।