আমেরিকার অতিরিক্ত দাবিই আলোচনার প্রক্রিয়ায় প্রধান বাধা: গুতেরেসকে আরাকচি
-
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জাতিসংঘের মহাসচিবের সাথে এক ফোনালাপে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটার পেছনে আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গ, দ্বিমুখী অবস্থান এবং বারবার অতিরিক্ত দাবি করার বিষয়টিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার সন্ধ্যায় ফোনে কথা বলেছেন। এই ফোনালাপে তারা অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি এবং পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে কূটনীতি সংক্রান্ত অগ্রগতির সর্বশেষ অবস্থা নিয়ে দুই পক্ষ আলোচনা ও মতবিনিময় করেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই ফোনালাপে বলেন, আমেরিকার পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস, বিশেষ করে কূটনীতির প্রতি বারবার বিশ্বাসঘাতকতা এবং ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন, সেই সাথে তাদের দ্বিমুখী অবস্থান ও বারবার অতিরিক্ত দাবি করাই পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনার প্রক্রিয়াকে ব্যাহত করছে।
তিনি স্পষ্ট করে বলেন, আমেরিকার প্রতি তীব্র অবিশ্বাস থাকা সত্ত্বেও, ইসলামী প্রজাতন্ত্র ইরান অত্যন্ত দায়িত্বশীল মনোভাব এবং পূর্ণ আন্তরিকতার সাথে এই কূটনৈতিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে এবং একটি যৌক্তিক ও ন্যায্য ফলাফলে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, জাতিসংঘের মহাসচিব রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি আনুগত্য বজায় রাখা এবং কূটনৈতিক পথ অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।#
পার্সটুডে/এমএআর/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।