আমেরিকার সাথে আলোচনায় ইরান সর্বোচ্চ সতর্ক: আসিম মুনিরকে পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i159616-আমেরিকার_সাথে_আলোচনায়_ইরান_সর্বোচ্চ_সতর্ক_আসিম_মুনিরকে_পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে সৌজন্য বৈঠক করেছেন। বৈঠকে তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
(last modified 2026-05-23T15:07:41+00:00 )
মে ২৩, ২০২৬ ২১:০২ Asia/Dhaka
  • পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সৌজন্য সাক্ষাৎ
    পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সৌজন্য সাক্ষাৎ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে সৌজন্য বৈঠক করেছেন। বৈঠকে তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

পাকিস্তানের জনগণ ও সরকারকে 'ভাই' হিসেবে সম্বোধন করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, মুসলিম বিশ্ব একটি একক দেহের মতো। তাই নিজেদের উন্নয়ন ও অগ্রগতির জন্য সব মুসলিম দেশের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি কেবল মুখে নয়, বরং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যে একটি বাস্তবসম্মত এবং শক্তিশালী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

পেজেশকিয়ান মনে করেন, সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়লে নিজেদের ভেতরের সব ভুল বোঝাবুঝি ও সংঘাত দূর করা সম্ভব।

আমেরিকার সাথে সম্পর্কের বিষয়ে পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন মেনে চলেছে। ইরান শুধু নিজের জনগণের ন্যায্য অধিকারটুকু চায়। তবে আমেরিকার সাথে অতীতে আলোচনার যে অভিজ্ঞতা ইরানের হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে এবার যেকোনো পদক্ষেপের ক্ষেত্রে ইরান সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট জানান, যুদ্ধ কখনোই কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনে না। আমেরিকার নাম উল্লেখ করে তিনি বলেন, চলমান এই সংঘাতে আমেরিকার জয়ী হওয়ার কোনো সুযোগ নেই; বরং এই যুদ্ধের কারণে পুরো অঞ্চল এবং বিশ্বের দেশগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই যুদ্ধ থেকে কেবল ইসরায়েলই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে।#

পার্সটুডে/এমএআর/২৩