যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন—তীব্র প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের “আগ্রাসনমূলক কর্মকাণ্ড” প্রসঙ্গে জানিয়েছে, এসব হামলা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বুধবার ভোরে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির কাছে একটি কথিত হেলিকপ্টার দুর্ঘটনার অজুহাতে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় “বর্বরোচিত” হামলা চালায়। এটি জাতিসংঘ সনদের দ্বিতীয় অনুচ্ছেদের চতুর্থ ধারা এবং আন্তর্জাতিক সম্পর্কে বলপ্রয়োগ নিষিদ্ধ করার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সম্পদকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানে, যেগুলো থেকে হামলা পরিচালিত হয়েছিল বলে দাবি করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করে বলেছে, তারা যেন তাদের ভূখণ্ড ও অবকাঠামো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে না দেয়। এছাড়া জাতিসংঘ, বিশেষ করে নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের প্রতি আহ্বান জানানো হয়, যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং আগ্রাসী পক্ষকে জবাবদিহির আওতায় আনা হয়।#
পার্সটুডে/এমবিএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।