শত্রু বাধ্য হয়েছে ইরানকে সম্মান করতে: জেনারেল হাতামি
-
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি
পার্সটুডে: ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এক বৈঠকে বলেছেন, ইরানি জাতির বিজয় শত্রুপক্ষের বিরুদ্ধে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে।
ইরনার বরাতে পার্স টুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার, মেজর জেনারেল আমির হাতামি, শহীদ মোহাম্মদ বাকেরি—সাবেক সশস্ত্র বাহিনীর প্রধানের পরিবারকে স্মরণ করে আয়োজিত এক সাক্ষাতে এই মন্তব্য করেন।
তিনি বলেন, “১২ দিনের যুদ্ধ এবং রমজান যুদ্ধের সময় আমরা বিশ্বের অন্যতম বৃহৎ ও নিষ্ঠুর শক্তির বিরুদ্ধে মোকাবিলা করেছি, যারা ভেবেছিল তারা ইসলামী প্রজাতন্ত্র ইরান ও এর বিপ্লবী ব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে সবকিছু শেষ করে দিতে পারবে। কিন্তু বাস্তবে তাদের সব হিসাব ও ধারণা ভুল প্রমাণিত হয়েছে।”
জেনারেল হাতামি আরও বলেন, সশস্ত্র বাহিনী এবং ইরানি জনগণ শহীদদের ত্যাগের কাছে ঋণী। বিশেষ করে শহীদ বাকেরি এবং অন্যান্য শীর্ষ কমান্ডারদের অবদানের মাধ্যমে আজ প্রতিরোধ ও প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়েছে। তিনি দাবি করেন, শত্রুপক্ষ তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ইরানের বিরুদ্ধে তাদের উদ্দেশ্য সফল হবে না।
ইরানের সেনাপ্রধান বলেন, “শহীদদের রক্তের বরকতে আমরা শিখেছি কীভাবে আমেরিকার মতো শক্তিশালী ও আগ্রাসী শত্রুর মোকাবিলা করতে হয়। আমরা শিখেছি উন্নয়নের পথে এক মুহূর্তও থেমে না থাকতে।”
তিনি আরও যোগ করেন, বর্তমানে সশস্ত্র বাহিনী শত্রুকে তার অবস্থানে ফিরিয়ে দিতে নিরলসভাবে কাজ করছে এবং এই বিজয় ইতোমধ্যেই অর্জিত হয়েছে, যা এখন কেবল স্থায়ী করার প্রক্রিয়া চলছে।
শেষে তিনি বলেন, নেতৃত্ব ও সামরিক কমান্ডারদের শহীদ হওয়া ছিল অত্যন্ত বেদনাদায়ক, তবে এটি প্রমাণ করেছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং কোনো শক্তিই এই বন্ধন ভাঙতে সক্ষম নয়। তাঁর মতে, শত্রুপক্ষকে এখন ইরানি জাতি, তাদের বিশ্বাস ও ইসলামী ব্যবস্থাকে সম্মান করতে বাধ্য হয়েছে।#
পার্সটুডে/এমবিএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।