আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ইরানি নারী
https://parstoday.ir/bn/news/iran-i160370-আন্তর্জাতিক_হ্যান্ডবল_ফেডারেশনের_গুরুত্বপূর্ণ_দায়িত্বে_ইরানি_নারী
পার্সটুডে: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। বিশ্ব হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সদ্য গঠিত বিশেষ নারী ওয়ার্কিং গ্রুপে স্থান করে নিয়েছেন ইরানি ক্রীড়াব্যক্তিত্ব মিত্রা নুরি।
(last modified 2026-06-15T14:53:13+00:00 )
জুন ১৫, ২০২৬ ২০:৫০ Asia/Dhaka
  • মিত্রা নুরি
    মিত্রা নুরি

পার্সটুডে: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান। বিশ্ব হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সদ্য গঠিত বিশেষ নারী ওয়ার্কিং গ্রুপে স্থান করে নিয়েছেন ইরানি ক্রীড়াব্যক্তিত্ব মিত্রা নুরি।

ইরানি সংবাদমাধ্যম 'ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বিশ্বজুড়ে নারী হ্যান্ডবলের জোয়ার বইয়ে দিতে এবং এর গুণগত মান বাড়াতে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি বা ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে আইএইচএফ। ইরান হ্যান্ডবল ফেডারেশনের প্রচেষ্টা ও সমর্থনের মাধ্যমে ফেডারেশনের নির্বাহী বোর্ডের সদস্য এবং বিশ্ব হ্যান্ডবলের পর্যবেক্ষক মিত্রা নুরিকে এই মর্যাদাপূর্ণ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া মাত্র ৮ জন সেরা কোচ, রেফারি এবং দক্ষ ক্রীড়া সংগঠকদের নিয়ে এই বিশেষ এলিট প্যানেলটি গঠন করা হয়েছে। এই বিশ্বসেরা আটজনের তালিকায় ইরানের একজন নারী প্রতিনিধির জায়গা করে নেওয়া নিঃসন্দেহে আন্তর্জাতিক ক্রীড়া মহলে ইরানি হ্যান্ডবলের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তিশালী অবস্থানেরই জানান দেয়।

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন জানিয়েছে, এই ওয়ার্কিং গ্রুপ গঠনের মূল লক্ষ্য হলো—বিশ্বের প্রতিটি কোণায় নারী হ্যান্ডবলের সামগ্রিক বিকাশের জন্য আধুনিক ও যুগোপযোগী পরিকল্পনা তৈরি করা এবং নারী ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে বিশ্বব্যাপী একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা।#

পার্সটুডে/এমএআর/১৫