"কোনোভাবেই ফুটবলকে রাজনীতির অংশ করা উচিত নয়"
এটি ইতিহাসের সবচেয়ে বিপর্যয়কর বিশ্বকাপ: ইরান অধিনায়ক
-
সংবাদ সম্মেলনে মেহদি তারেমি
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকে এসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করলেন ইরান জাতীয় ফুটবল দলের তারকা স্ট্রাইকার ও অধিনায়ক মেহেদি তারেমি। সিয়াটল স্টেডিয়ামের মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিশ্বকাপকে "ইতিহাসের সবচেয়ে বিপর্যয়কর বিশ্বকাপ" বলে আখ্যায়িত করেছেন।
তারেমি বলেন, “এই বিশ্বকাপ বিপর্যয়কর, ইতিহাসের সবচেয়ে বিপর্যয়কর বিশ্বকাপ। ফিফার উচিত ছিল সমস্যাগুলো সমাধান করা, কিন্তু তারা তা পারেনি। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা এসব বিষয় নিয়ে অভিযোগ করছি।”
ভ্রমণ ক্লান্তি ও লজিস্টিকসের চরম বিপর্যয়
মেহেদি তারেমির ক্ষোভের মূল কারণ ছিল দলের যাতায়াত ও লজিস্টিকস ব্যবস্থার চরম অব্যবস্থাপনা। ইরান দলকে বারবার তাদের থাকার জায়গা এবং মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানার (Tijuana) মধ্যে অনবরত যাতায়াত করতে হচ্ছে। তারেমি বলেন, "মেক্সিকো বা টিজুয়ানার মানুষকে আমরা ভালোবাসি, তারা ভীষণ বিনয়ী। কিন্তু একজন পেশাদার ফুটবলারের জন্য কোনো প্রকার রিকভারি (ক্লান্তি দূর করার প্রক্রিয়া) ছাড়া এভাবে ম্যাচ খেলে আবার সীমান্তে ভ্রমণ করা কোনোভাবেই ন্যায়সংগত নয়। ফিফা যদি এটাকে ফেয়ার মনে করে, তবে তাদের শুভকামনা!"
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারলে আমরা খুশি হব: ইরানি কোচ
তিনি আরও অভিযোগ করেন, আমেরিকার ভিসা না পাওয়ায় ইরানের কোনো লজিস্টিক ম্যানেজার, ফেডারেশনের সভাপতি বা সহ-সভাপতি দলের সাথে আসতে পারেননি। এমনকি দলের মিডিয়া টিম কিংবা পর্যাপ্ত কিট (খেলার সরঞ্জাম) পর্যন্ত আমেরিকার ভেন্যুতে পৌঁছায়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানের ক্যাম্পে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারেমি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি জানি না তারা সত্যিই এটা চায় কি না, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় তারা চায় আমরা বাদ পড়ি। যদি তারা চায় আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিই, তাহলে সেটি তাদের ব্যাপার। কিন্তু এটা ন্যায্য নয়।”
ভিএআর বিতর্ক ও মাঠের লড়াই
টানা দুই ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর (VAR)-এর কারণে মাত্র কয়েক সেন্টিমিটারের ব্যবধানে ইরানের দুটি গোল বাতিল হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তারেমি বলেন, "সেটা ফুটবলের অংশ। কিন্তু মাঠের বাইরের ধকল যখন মাঠের খেলায় প্রভাব ফেলে, সেটিই দুঃখজনক। শান্ত মস্তিষ্ক ও সঠিক রিকভারি ছাড়া ৯০ মিনিট ধরে এত মানসিক চাপ নিয়ে খেলা অসম্ভব।"
মিশর ম্যাচের দায় ও জনগণের জন্য খেলা
মিশরের বিরুদ্ধে ড্র করার পর নিজের পেনাল্টি মিসের কথা স্বীকার করে তারেমি অত্যন্ত পরিপক্বতার সাথে বলেন, "ম্যাচে যদি আমাদের খেলোয়াড়দের কোনো ভুল হয়ে থাকে, তবে তার পুরো দায় আমার। আমরা নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত, কারণ আমরা মাঠের ভেতরে ও বাইরে সবকিছুর বিরুদ্ধে যুদ্ধ করেছি।"
তিনি স্পষ্ট জানান, ইরান দলের মূল লক্ষ্য হলো বিশ্বমঞ্চে ফুটবল খেলার মাধ্যমে নিজেদের দেশের মানুষের মুখে হাসি ফোটানো এবং বিশ্ববাসীর কাছে শান্তি ও সম্মানের বার্তা পৌঁছে দেওয়া। ফলাফল নিয়ে কিছুটা হতাশ হলেও দলের মধ্যে এখনো আশাবাদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা হতাশ, কিন্তু আশা হারাইনি। মানুষ সবসময় আশা নিয়ে বেঁচে থাকে। ম্যাচের পর ড্রেসিংরুমে ভালো শক্তি ও ইতিবাচক পরিবেশ ছিল। এখন আমরা আগামী ম্যাচগুলোর ফলাফলের অপেক্ষায় আছি।”
"কোনোভাবেই ফুটবলকে রাজনীতির অংশ করা উচিত নয়"
সাক্ষাৎকারের শেষে ফিফাকে উদ্দেশ্য করে তারেমি একটি কড়া বার্তা দেন, "আমরা জানি ফিফারও সমস্যা আছে, কিন্তু কোনোভাবেই ফুটবলকে রাজনীতির অংশ করা উচিত নয়।" গ্রুপ পর্বের সমীকরণ যাই হোক না কেন, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইরান দল ইতিহাস গড়তে নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এই অধিনায়ক।
উল্লেখ্য, মিশরের সঙ্গে ড্রয়ের ফলে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর তৃতীয় স্থানে রয়েছে ইরান। এখন বত্রিশের রাউন্ডে (Round of 32) ওঠার জন্য অন্য গ্রুপগুলোর জটিল সমীকরণের ফলাফলের অপেক্ষায় থাকতে হবে 'টিম মেল্লি'কে।#
পার্সটুডে/এমএআর/২৭