জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাস্তবায়ন হতে দেবে না হিজবুল্লাহ: সংসদ সদস্য
-
সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ
পার্সটুডে- লেবাননের প্রভাবশালী সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ বলেছেন, দেশটির প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র-সমর্থিত তথাকথিত "ফ্রেমওয়ার্ক চুক্তি" বাস্তবায়ন করতে দেবে না। ওই চুক্তির উদ্দেশ্য হিজবুল্লাহকে ধ্বংস করতেই এই চুক্তি সাজানো হয়েছে।
শুক্রবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরোধ ফ্রন্ট সমর্থিত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ এ মন্তব্য করেন।
তিনি বলেন, হিজবুল্লাহ তার প্রতিরোধ ও অস্ত্র আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। তিনি জোর দিয়ে বলেন, এই চুক্তির বিষয়ে হিজবুল্লাহর মারাত্মক আপত্তি রয়েছে এবং তারা এই তথাকথিত চুক্তি বাস্তবায়ন করতে দেবে না।
ফাদলাল্লাহ বলেন, "এই চুক্তি কার্যকর হতে দেওয়া হবে না।" তিনি লেবাননের কর্তৃপক্ষকে এ-সংক্রান্ত আলোচনা থেকে সরে আসতে এবং আলোচনার সঙ্গে সম্পর্কিত "লেবাননের জনগণের বিরুদ্ধে নেওয়া সব সিদ্ধান্ত" প্রত্যাহারের আহ্বান জানান।
তিনি আরও দাবি করেন, দখলদার ও আগ্রাসী ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা লেবাননের সংবিধানের ৫২ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন। এই অধিকার কারো নেই।
তিনি বলেন, "ইসরায়েল লেবাননের শত্রু। এর প্রতি রাষ্ট্রের শত্রুতাপূর্ণ অবস্থার অবসান ঘটানোর অধিকার কোনো ব্যক্তির নেই।" ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে ফাদলাল্লাহ বলেন, "আপনার জনগণকে সুসংবাদ দিতে তাড়াহুড়ো করবেন না।"
তিনি আরও বলেন, হিজবুল্লাহ লেবাননের ধ্বংস এবং দেশের ভবিষ্যৎ অন্যের হাতে তুলে দেওয়ার অনুমতি দেবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধক্ষেত্র, আর যুদ্ধক্ষেত্র হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, ফাদলাল্লাহ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র গৃহযুদ্ধ উসকে দিতে পারে।
তিনি দাবি করেন, ওয়াশিংটন-সমর্থিত এই চুক্তির লক্ষ্য হলো সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রচেষ্টাকে ব্যাহত করা।
তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের প্রথম ধারার ভিত্তিতে ইরান সব ফ্রন্টে বিশেষ করে লেবাননে আগ্রাসন বন্ধের ওপর জোর দিয়েছে।
ফাদলাল্লাহর মতে, ইরানের অবস্থান স্পষ্ট। তিনি স্মরণ করিয়ে দেন যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান জানিয়েছে—যতদিন ইসরায়েলি বাহিনী লেবাননে অবস্থান করবে, ততদিন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করবে না।
পার্স টুডে/এস এ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।