আবদুল্লাহি: ইরান ও প্রতিরোধ যোদ্ধারা যেকোনো হুমকির ধ্বংসাত্মক জবাব দেবে
https://parstoday.ir/bn/news/iran-i163498-আবদুল্লাহি_ইরান_ও_প্রতিরোধ_যোদ্ধারা_যেকোনো_হুমকির_ধ্বংসাত্মক_জবাব_দেবে
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, ইসলামী প্রতিরোধের যোদ্ধাদের সঙ্গে নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী ইসলামী উম্মাহর বিরুদ্ধে যেকোনো হুমকির দৃঢ় ও ধ্বংসাত্মক জবাব দিতে পূর্ণ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে।
(last modified 2026-09-29T07:01:17+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১২:৫১ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আলী আবদুল্লাহি।
    ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আলী আবদুল্লাহি।

পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, ইসলামী প্রতিরোধের যোদ্ধাদের সঙ্গে নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী ইসলামী উম্মাহর বিরুদ্ধে যেকোনো হুমকির দৃঢ় ও ধ্বংসাত্মক জবাব দিতে পূর্ণ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর শাহাদাতের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় এ কথা বলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আলী আবদুল্লাহি।

তিনি বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীর হাতে সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার দুই বছর পর তার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব এবং পশ্চিম এশিয়ায় ইসরায়েলবিরোধী প্রতিরোধের আদর্শকে শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা আরও স্পষ্ট হয়ে উঠেছে। তার মতে, নাসরাল্লাহ প্রতিরোধকে একটি কৌশলগত আদর্শে পরিণত করে ইসলামী ঐক্য ও শক্তির প্রতীকে পরিণত হয়েছেন।

আবদুল্লাহি বলেন, নাসরাল্লাহ ছিলেন আধুনিক প্রতিরোধের অন্যতম স্থপতি এবং প্রতিরোধের ময়দানের একজন কৌশল নির্ধারক। তিনি দেখিয়েছেন, প্রকৃত শক্তির উৎস শুধু অস্ত্রভাণ্ডারে নয়; বরং জনগণের সঙ্গে তাদের আদর্শের অটুট সম্পর্কের মধ্যেই এর ভিত্তি নিহিত।

তিনি আরও বলেন, নাসরাল্লাহ সংকট ব্যবস্থাপনা ও প্রতিরোধের বিভিন্ন ফ্রন্ট পরিচালনায় একটি নতুন ধারা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে প্রতিটি ফ্রন্টের নিজস্ব স্বাধীনতা বজায় রেখেও প্রতিরোধের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে ঐক্য নিশ্চিত করা হয়েছিল।

আবদুল্লাহির ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল নাসরাল্লাহকে শারীরিকভাবে সরিয়ে দিলে প্রতিরোধের ভিত্তি ভেঙে পড়বে। কিন্তু তাদের হিসাব ব্যর্থ হয়েছে। বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট দুর্বল তো হয়ই নি, বরং কৌশলগতভাবে আরও সুসংহত হয়েছে বলে তিনি দাবি করেন। লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাকসহ প্রতিরোধের বিভিন্ন অঞ্চলে নাসরাল্লাহর পথ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নাসরাল্লাহ, হাশেম সাফিউদ্দিন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার আব্বাস নিলফোরুশানসহ নিহতদের স্মরণ করে এবং হিজবুল্লাহর বর্তমান নেতা শেখ নাঈম কাসেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবদুল্লাহি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ নেতার নির্দেশনা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনেয়ির নেতৃত্বে ইসলামী প্রতিরোধের যোদ্ধাদের পাশে থেকে ইসলামী উম্মাহর বিরুদ্ধে যেকোনো হুমকির দৃঢ় ও ধ্বংসাত্মক জবাব দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে।#
 

পার্সটুডে/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।