হরমুজ প্রণালি বন্ধ তবে, ইরানের অনুমতিতে চলছে: আইআরজিসি
-
হরমুজ প্রণালি
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এ পথে যেকোনো ধরনের নৌযান চলাচল কেবল আইআরজিসির নৌবাহিনীর সমন্বয় ও অনুমতির ভিত্তিতেই সম্ভব হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মিথ্যা দাবি করে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এসকর্টের মাধ্যমে শিপিং কোম্পানিগুলো কোনো সমস্যা ছাড়াই প্রণালিটি অতিক্রম করতে পারছে।
বিবৃতিতে আরও বলা হয়, "বাস্তবে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং যেকোনো ধরনের যাতায়াত কেবল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই সম্ভব হবে।"
এদিকে, পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের কারণে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল সম্ভব নয়।
সংস্থাটি আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে জমা পড়া সব আবেদন পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচলের অনুমতি প্রদান করা হবে।#
পার্সটুডে/এমআরএইচ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।