আইআরজিসি: হামাসকে নিরস্ত্র করার ষড়যন্ত্র শুরু থেকেই ব্যর্থ হয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i161892-আইআরজিসি_হামাসকে_নিরস্ত্র_করার_ষড়যন্ত্র_শুরু_থেকেই_ব্যর্থ_হয়েছে
পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসমাইল হানিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদ বিরোধী বক্তব্য আজ বিশ্বব্যাপী প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।
(last modified 2026-08-03T04:04:55+00:00 )
আগস্ট ০৩, ২০২৬ ১০:০২ Asia/Dhaka
  • ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)
    ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)

পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসমাইল হানিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদ বিরোধী বক্তব্য আজ বিশ্বব্যাপী প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

পার্সটুডের খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি)-এর বরাতে আইআরজিসি এক বিবৃতিতে হামাসের সাবেক রাজনৈতিক ব্যুরোর প্রধান শহীদ ইসমাইল হানিয়ার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী স্মরণ করেছে। বিবৃতিতে বলা হয়, তাঁর শাহাদাত ফিলিস্তিনি জনগণ ও হামাসের যোদ্ধাদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করেছে, প্রতিরোধের আদর্শকে গভীরতর করেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনের প্রতি সমর্থনের ঢেউ আরও বিস্তৃত করেছে।

বিবৃতির একাংশে বলা হয়েছে, তেহরানে শহীদ ইসমাইল হানিয়াকে এমন সময় হত্যা করা হয় যখন তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সে সময় তাকে হত্যা একটি গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্ব ও ইরানের ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, ইসমাইল হানিয়াকে হত্যার দুই বছর পরও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, বেসামরিক মানুষের বিরুদ্ধে সহিংসতা, দক্ষিণ লেবানে যুদ্ধের বিস্তার এবং পরবর্তীতে ইরানের বিরুদ্ধে সংঘাতের ফলে, আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি সরকারের কার্যক্রমের প্রকৃতি আগের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

বিবৃতির শেষাংশে আইআরজিসি জানায়, শহীদ নেতাদের রক্তের প্রতিশোধ নেওয়া অবশ্যম্ভাবী এবং এসব ঘটনার জবাব কঠোর হবে। একই সঙ্গে তারা দাবি করে, হামাসকে নিরস্ত্র করার যে কোনো পরিকল্পনা সফল হবে না এবং তা শুরু থেকেই ব্যর্থ। বিবৃতিতে আরও বলা হয়, ইসমাইল হানিয়ার পথ মর্যাদা, সম্মান ও স্বাধীনতার পথ এবং ফিলিস্তিনের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই পথ অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত ফিলিস্তিন বিজয়ী হবে।#

পার্সটুডে/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।