পেজেশকিয়ান: আলোচনায় ফিলিস্তিনি নেতাদের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে ইরান
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ফিলিস্তিনি নেতারা আলোচনার প্রক্রিয়ায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রতি সমর্থন জানাবে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে টেলিফোনে আলাপকালে পেজেশকিয়ান বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় আল-হাইয়ার ভূমিকারও প্রশংসা করেন।
সাম্প্রতিক সময়ে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার পরও ফিলিস্তিন ইস্যু ইরানের পররাষ্ট্রনীতির কেন্দ্রে রয়েছে এবং এটি এখনো ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানিয়ে বলেন, মুসলিম বিশ্বের ঐক্যই ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, খলিল আল-হাইয়া বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রধান কারণ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন সত্ত্বেও দেশটি দুর্বল হয়ে পড়ছে। তিনি ইরানের অবস্থান ও সমর্থনের প্রশংসা করে বলেন, হামাস অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং কূটনৈতিক ক্ষেত্রেও তাদের স্বার্থ রক্ষায় অটল থাকবে।
তিনি আরও জানান, আলোচনার প্রক্রিয়ায় ইরানের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী হামাস এবং রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।#
পার্সটুডে/এমআরএইচ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।