ইরানের সেনাবাহিনীর মুখপাত্র: হরমুজ প্রণালীতে ইরানি শৃঙ্খলা অপরিবর্তনীয়
-
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া
পার্সটুডে- ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে বর্তমানে প্রতিষ্ঠিত ‘ইরানি ব্যবস্থা’ আর পরিবর্তনযোগ্য নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামনে বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া কোনো পথ নেই; অন্যথায় অতীতের তুলনায় অনেক বেশি মূল্য দিতে হবে।
ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া শনিবার রাতে এক বক্তব্যে বলেন, ইরানের জনগণের ব্যাপক ও আবেগপূর্ণ রাজপথে উপস্থিতি শুধু সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশের প্রতিরক্ষায় মনোবল ও প্রেরণা বাড়ায়নি, বরং তাদের দায়িত্ববোধও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর ফলে দেশের নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় প্রতিরক্ষাকারীরা শেষ নিঃশ্বাস পর্যন্ত এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত রয়েছেন।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানি জনগণের প্রতিরোধ বিশ্বজুড়ে স্বাধীনতাকামী ও মুক্তিকামী মানুষের কাছে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তাঁর দাবি, আজ ইরানের জনগণ বিশ্বে প্রতিরোধী, সচেতন ও সাহসী জাতি হিসেবে পরিচিত।
ব্রিগেডিয়ার আকরামি-নিয়া বলেন, ইরানের জনগণের মোকাবিলায় শত্রুর হাতে এখন কোনো কার্যকর কৌশল নেই। মার্কিন কর্মকর্তাদের ক্ষোভ ও মতবিরোধ, পরস্পরবিরোধী বক্তব্য এবং ভিত্তিহীন হুমকি—সবই ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের অসহায়ত্ব ও হতাশার প্রকাশ।
তিনি হরমুজ প্রণালির পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “আজ হরমুজ প্রণালিতে ইরানি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ব্যবস্থা পুরোপুরি সুসংহত না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী শক্ত অবস্থানে থাকবে।” তাঁর মতে, এ পথে ইরানের সশস্ত্র বাহিনীর যেমন দৃঢ় মনোবল ও সংকল্প রয়েছে, তেমনি প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতাও রয়েছে।
তিনি আরও বলেন, বিশেষ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গর্বিত সেনাবাহিনীসহ দেশটির সশস্ত্র বাহিনী প্রমাণ করেছে যে, প্রিয় ইরান ও ইসলামি প্রজাতন্ত্রের প্রতিরক্ষায় তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।#
পার্সটুডে/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।