শত্রুকে নয়া আঞ্চলিক ব্যবস্থায় মানিয়ে নিতে হবে: নিকজাদ
-
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ
পার্সটুডে: ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছেন, হরমুজ প্রণালিকে যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, মার্কিন-ইসরায়েলি শত্রুপক্ষ এখন ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিরোধের মাধ্যমে বাস্তবে বুঝতে পেরেছে যে, সামরিক উপায়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কোনো সমাধান নেই। তাই তাদের নতুন আঞ্চলিক ব্যবস্থাকে মেনে নিতে হবে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, সোমবার পার্লামেন্টের অধিবেশনে নিকজাদ বলেন, যুদ্ধের দিনগুলোতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সংলাপ ও যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরে আগ্রাসী পক্ষকে বোঝানোর চেষ্টা করেছিল যে, হরমুজ প্রণালিকে যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে না।
তিনি বলেন, প্রতিপক্ষ বিষয়টি উপেক্ষা করার চেষ্টা করেছিল। তবে সময়ই তাদের সবচেয়ে বড় শিক্ষক হয়েছে। বর্তমানে মার্কিন-ইসরায়েলি পক্ষ ইরানের সশস্ত্র বাহিনীর “কঠোর জবাবের” মাধ্যমে বুঝতে পেরেছে যে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো সামরিক সমাধান নেই এবং তাদের নতুন আঞ্চলিক ব্যবস্থাকে মেনে নিতে হবে।
নিকজাদ আরও বলেন, প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশ ওমানের সঙ্গে আলোচনায় ইরান যেমনটি স্পষ্ট করেছে, দুই দেশের মধ্যে যে পথ নিয়ে সমঝোতা হয়েছে, সেটি ছাড়া অন্য কোনো পথকে ইরান স্বীকৃতি দেবে না।
তার ভাষায়, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে পথ নির্ধারণ করেছে, সেটিই জাহাজ চলাচলের একমাত্র সম্ভাব্য পথ-তাও ইরান সরকারের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে।#
পার্সটুডে/এনএম/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।