বাণিজ্যিক লেনদেনের নিরাপত্তায় নতুন সমাধান: ব্রিকসের আর্থিক করিডোর
-
ভারতে ব্রিকসের আর্থিক বৈঠকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
পার্সটুডে: ভারতে অনুষ্ঠিত ব্রিকসের আর্থিক বৈঠকের দ্বিতীয় দিনে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি ব্রিকসের জন্য একটি স্বতন্ত্র আর্থিক করিডোর তৈরি করার ওপর জোর দিয়েছেন।
সেইসঙ্গে তিনি সদস্য দেশগুলোর জাতীয় পেমেন্ট নেটওয়ার্কগুলোকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ব্রিকসের আর্থিক সহযোগিতা শুধু সাধারণ আলোচনা ও মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তঃসীমান্ত পেমেন্ট ও লেনদেন নিষ্পত্তির জন্য কার্যকর, নিরাপদ ও স্থিতিশীল অবকাঠামো গড়ে তুলতে হবে।
হেম্মাতির মতে, সদস্য দেশগুলোর পেমেন্ট নেটওয়ার্ক সংযুক্ত করা এবং জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর মাধ্যমে ব্রিকসের বাইরের আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরতা কমানো সম্ভব। একই সঙ্গে এতে লেনদেনের গতি বাড়বে, খরচ কমবে এবং সদস্য দেশগুলোর বাণিজ্যিক লেনদেনের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে।
তিনি জানান, ইরান ইতোমধ্যে ব্রিকস সদস্য দেশগুলোর পেমেন্ট ব্যবস্থা পরস্পরের সঙ্গে সংযুক্ত করার প্রযুক্তিগত, আইনি ও বাস্তবায়নগত দিকগুলো পর্যালোচনা শুরু করেছে। এই উদ্যোগের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রণয়নে ইরান সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে ইরানের সদস্যপদ নিশ্চিত করার প্রচেষ্টা উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়ন বাড়ানো, বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার পথ তৈরি করবে।#
পার্সটুডে/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।