ইরানের পারমাণবিক ডকট্রিন বদলায়নি, তবে ভবিষ্যতে কী হবে জানি না: রেজায়ি
https://parstoday.ir/bn/news/iran-i163228-ইরানের_পারমাণবিক_ডকট্রিন_বদলায়নি_তবে_ভবিষ্যতে_কী_হবে_জানি_না_রেজায়ি
পার্সটুডে: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ইরান এখনো বিপ্লবের শহীদ নেতার ফতোয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজেদের পারমাণবিক ডকট্রিন পরিবর্তন করেনি। তবে ভবিষ্যতে কী ঘটবে, তা আমরা জানি না।
(last modified 2026-09-20T14:01:32+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১০:৩০ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহসেন রেজায়ি
    মেজর জেনারেল মোহসেন রেজায়ি

পার্সটুডে: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ইরান এখনো বিপ্লবের শহীদ নেতার ফতোয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজেদের পারমাণবিক ডকট্রিন পরিবর্তন করেনি। তবে ভবিষ্যতে কী ঘটবে, তা আমরা জানি না।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) সূত্র উদ্ধৃত করে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল মোহসেন রেজায়ি কাতারভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল-জাজিরাকে বলেছেন, "ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের মূল্যায়ন ও হিসাব ভুল ছিল এবং নেতানিয়াহুর উসকানিতে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শেষ করার জন্য ইরানের শর্ত মেনে নেওয়াই ওয়াশিংটনের স্বার্থে যায়। ট্রাম্পের হুমকিতে কোনো ফল হবে না। আমরা একটি নির্ণায়ক যুদ্ধের জন্য প্রস্তুত।"

রেজায়ি বলেন, "আলোচনার জন্য ইরানের শর্ত মধ্যস্থতাকারীদের জানানো হয়েছে। যুদ্ধ থেকে বের হতে এসব শর্ত মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থেই হবে। ইরানের শর্তগুলো হচ্ছে, সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা, ইরানের জব্দকৃত সব সম্পদ দ্রুত ছাড় এবং নৌ-অবরোধ প্রত্যাহার।"

তিনি আরও বলেন, "মার্কিন সেনাবাহিনীর দুর্বলতাগুলো আমাদের জানা আছে এবং তাদের বিমান হামলা মোকাবিলায় আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। ওয়াশিংটন সমঝোতা স্মারক থেকে সরে যাওয়ার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, ওয়াশিংটনের প্রতি আমাদের কৌশল বদলাতে হবে।"

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জোর দিয়ে বলেন, "যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের পদক্ষেপ আমাদের পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি (এনপিটি) থেকে বের হওয়ার সুযোগ দিয়েছে। তবে এনপিটি থেকে বের হওয়ার ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। বিষয়টি নির্ভর করছে ওয়াশিংটনের আচরণের ওপর। আমরা এখনো বিপ্লবের শহীদ নেতার ফতোয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং পারমাণবিক মতবাদ বদলাইনি, তবে ভবিষ্যতে কী হবে তা আমরা জানি না।"

পার্সটুডে/এমএএআর/২০