জেনারেল রেজায়ি: অসহায় হয়ে যুক্তরাষ্ট্র আকাশ অবরোধের পথে গেছে
-
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি।
পার্সটুডে- ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো জানিয়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সামরিক যুদ্ধে অসহায় হয়ে যুক্তরাষ্ট্র এখন আকাশ অবরোধের পথে এগিয়েছে।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফার সঙ্গে বৈঠকে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই যুদ্ধের জবাবে ইরান শক্তিশালীভাবে আত্মরক্ষা করেছে বলেও তিনি উল্লেখ করেন।
রেজায়ি আরও বলেন, ট্রাম্প এমন এক সংকটে আটকে পড়েছেন, যেখানে তিনি না আলোচনা করতে পারছেন, না যুদ্ধ করতে পারছেন। অঞ্চলের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের কথা উল্লেখ করে ইরানের এই কর্মকর্তা বলেন, ইতিহাসে বহু বিদেশি শক্তি এ অঞ্চলে এসেছে এবং চলে গেছে; কিন্তু ইরান ও এ অঞ্চলের দেশগুলো এখনো টিকে আছে।
অন্যদিকে, আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফা ইরানকে একটি বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আজারবাইজানের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে ছড়িয়ে পড়া জল্পনাও তিনি নাকচ করে দেন।
বৈঠকে দুই দেশের মধ্যে সম্মত অর্থনৈতিক প্রকল্প, বিশেষ করে আরাস করিডোর, পানি ও জ্বালানি খাতে সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং পণ্য ও মাদক চোরাচালান মোকাবিলার বিষয়গুলোও গুরুত্ব পায়।#
পার্স টুডে/এমবিএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।