ইরানি নৌবাহিনীপ্রধান: সমুদ্রপথের নিরাপত্তার অন্যতম ভিত্তি ইরানের নৌ-শক্তি
https://parstoday.ir/bn/news/iran-i163552-ইরানি_নৌবাহিনীপ্রধান_সমুদ্রপথের_নিরাপত্তার_অন্যতম_ভিত্তি_ইরানের_নৌ_শক্তি
পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীপ্রধান বলেছেন, ইরানের নৌ-শক্তি জাতীয় স্বার্থ সুরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নৌ-যোগাযোগ ও বাণিজ্যপথের নিরাপত্তা রক্ষার অন্যতম ভিত্তি। বিশ্ব নৌযান দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীপ্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ কথা বলেন। ইরানের সংবাদমাধ্যম সাদা ও সিমার বরাত দিয়ে পার্সটুডে এ খবর জানিয়েছে।
(last modified 2026-10-01T04:32:08+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১৮:২৬ Asia/Dhaka
  • সলামী প্রজাতন্ত্র ইরানের  নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি।
    সলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি।

পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীপ্রধান বলেছেন, ইরানের নৌ-শক্তি জাতীয় স্বার্থ সুরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নৌ-যোগাযোগ ও বাণিজ্যপথের নিরাপত্তা রক্ষার অন্যতম ভিত্তি। বিশ্ব নৌযান দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীপ্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ কথা বলেন। ইরানের সংবাদমাধ্যম সাদা ও সিমার বরাত দিয়ে পার্সটুডে এ খবর জানিয়েছে।

বিশ্ব বাণিজ্য ও পণ্য বিনিময়ে সমুদ্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, নাবিকরা এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন।

তিনি বলেন, সমুদ্র বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে যোগাযোগ এবং বৈশ্বিক বাণিজ্য ও পণ্য বিনিময়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ভৌগোলিক সীমারেখা তাদের চলাচলের পথে বাধা সৃষ্টি করতে না পারলেও নাবিকরা এই বৈশ্বিক সংযোগ অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাই বিশ্ব নৌযান দিবস এমন মানুষদের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ, যারা নিজেদের জ্ঞান, দক্ষতা, ধৈর্য ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌযান চলাচল এবং বৈশ্বিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ চক্রকে সচল রাখছেন।

শাহরাম ইরানি আরও বলেন, ইরানের জন্য সমুদ্র কেবল একটি যোগাযোগপথের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। উত্তর ও দক্ষিণে বিস্তৃত উপকূল এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথের পাশে কৌশলগত অবস্থান থাকা একটি দেশ হিসেবে ইরান সমুদ্রের ভবিষ্যৎ ও নিরাপত্তার বিষয়ে উদাসীন থাকতে পারে না।

তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের কৌশলগত ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি ও বাণিজ্যপথ। এই জলসীমায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌ-শক্তি জাতীয় স্বার্থ সুরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, ইরানের নৌ-শক্তি কোনো জাতিকে হুমকি দেওয়া কিংবা অনিরাপত্তা সৃষ্টি করার জন্য নয়; বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও নৌযান চলাচলের নিরাপত্তা রক্ষা এবং এই অঞ্চলে যেকোনো ধরনের দুঃসাহসিক তৎপরতা প্রতিহত করার জন্য একটি দায়িত্বশীল সক্ষমতা।

তার ভাষ্য অনুযায়ী, রমজান যুদ্ধ এবং আমেরিকা-ইসরাইলি সরকারের হামলার সময় এই সক্ষমতার বাস্তব প্রকাশ ঘটেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা এবং আশপাশের জলসীমায় দৃঢ় উপস্থিতির মাধ্যমে দেখিয়েছে যে শক্তি ও দায়িত্ব এবং প্রতিরোধ ও শান্তির মধ্যে একটি স্থায়ী সমন্বয় সম্ভব।

ইরানের নৌবাহিনীপ্রধান জোর দিয়ে বলেন, এই কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও নির্ধারক নৌবাহিনী নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা ও দেশীয় সক্ষমতার ওপর নির্ভর করে অন্যান্য সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষা এবং নৌ-যোগাযোগ ও বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।#
 

পার্সটুডে/এমবিএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।