গারিবাবাদি: ইরান যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে
https://parstoday.ir/bn/news/iran-i163972-গারিবাবাদি_ইরান_যুদ্ধ_চায়_না_তবে_যেকোনো_আগ্রাসনের_কঠোর_জবাব_দেওয়া_হবে
পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, আগ্রাসনের মোকাবিলায় ইরান জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার সহজাত অধিকার প্রয়োগ করেছে। ইরান যুদ্ধকামী নয়, তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
(last modified 2026-10-15T15:18:34+00:00 )
অক্টোবর ১৫, ২০২৬ ২১:১৮ Asia/Dhaka
  • গারিবাবাদি
    গারিবাবাদি

পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, আগ্রাসনের মোকাবিলায় ইরান জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার সহজাত অধিকার প্রয়োগ করেছে। ইরান যুদ্ধকামী নয়, তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি আজ বৃহস্পতিবার এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা তৈরির পদক্ষেপবিষয়ক সম্মেলন (সিকা)-এর শীর্ষ বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সামরিক হামলার শিকার হয়েছে। এসব হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এগুলো আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী।

তিনি আরও বলেন, গত ১৬ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর অবৈধ সামরিক আগ্রাসনের মুখোমুখি হয়েছে। নিবিড় কূটনৈতিক আলোচনা চলাকালেই এই আগ্রাসন শুরু হয়।

গারিবাবাদি বলেন, সর্বশেষ আগ্রাসন শুরুর প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা শহীদ হন। এ ছাড়া ইরানের বহু নাগরিক প্রাণ হারান। তাদের মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারেয়ে তাইয়্যেবা স্কুলের ১৬৮ জন নিষ্পাপ শিক্ষার্থীও রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে থাকা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়।

ইরানের এই উপমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠী বিশ্বে নিরাপত্তাহীনতা ও আইনহীনতার সবচেয়ে বড় উৎস। আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই তাদের থামাতে না পারে, তাহলে তাদের আগ্রাসন সব স্বাধীন দেশের বিরুদ্ধে ছড়িয়ে পড়বে।#

পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।