বিশ্বকাপ বাছাই পর্ব: ৩য় রাউন্ডে কাতারকে উড়িয়ে দিল ইরান
২০১৮ সালের ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব তৃতীয় রাউন্ডের খেলায় এশিয়ার অন্যতম শক্তিশালী দল কাতারকে উড়িয়ে দিয়েছে আরেক শক্তিধর দেশ ইরান। গতকাল (বৃহস্পতিবার) রাজধানী তেহরানের আযাদি স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম খেলায় ইরান ২-০ গোলে কাতারকে পরাজিত করে।
খেলার ৯০ মিনিট পর্যন্ত কোনো দলই গতকাল গোল করতে সক্ষম হয় নি। কিন্তু খেলার মাঝে নষ্ট হওয়া সময় যোগ হওয়ায় দু দল বাড়তি সময় পায় এবং এর মাঝে ৯৪ মিনিটের সময় ইরানের রেজা কুচানেজাদ প্রথম গোল করে দলকে এগিয়ে নেন।
এর আগে কাতারের গোলকিপার ক্লদে লেকোম্তে বল নিজের নিয়ন্ত্রণে পেয়ে নিজ দলের খেলোয়োড়কে ডি-বক্সের ভেতরে আলতো করে ঠেলে দেন কিন্তু বলের নিয়ন্ত্রণ নেন ইরানের খেলোয়াড়রা। ইরানি স্ট্রাইকার কুচানেজাদ অত্যন্ত দক্ষতার সঙ্গে এ বল থেকে গোল করেন। এর কয়েক মিনিট পর খেলার একেবারে শেষ মুহূর্তে ইরানের আলী রেজা জাহানবখ্শ সতীর্থ খেলোয়াড়দের কাছ থেকে বলের পাস পেয়ে রাইট উইং থেকে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে বাম পায়ের দীর্ঘ শটে দর্শনীয় গোল করেন। তার এ গোলের মধ্যদিয়ে ইরানের বিজয় সুনিশ্চিত হয়।
বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলায় কাতার ২১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে, ‘ডি’ গ্রুপে ইরান ২০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। সে ক্ষেত্রে শক্তির বিচারে কাতার খানিকটা এগিয়ে থেকে তৃতীয় পর্বের খেলা শুরু করেছে।
গতকালের বিজয়ের ফলে ইরান ‘এ’ গ্রুপের তালিকায় ৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে। ‘এ’ গ্রুপের ছয়টি দলের মধ্যে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলেছে তবে ইরান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে। ইরান প্রতিপক্ষ কাতারের বিরুদ্ধে ২ গোল দিয়েছে কিন্তু কোনো গোল হজম করে নি। অন্যদিকে দক্ষিণ কোরিয়া চীনের বিরুদ্ধে তিন গোল করলেও গজম করেছে দুই গোল। আর উজবেকিস্তান সিরিয়াকে হারিয়েছে একমাত্র গোলে। সেক্ষেত্রে ইরান গোল ব্যবধানে ৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২