ইরানের আশতুরান কুহ: অপরূপ সৌন্দর্যের লীলাভূমি
-
আশতুরান কুহ
আলবোর্জ ও জাগ্রোস পর্বতমালা ইরানের বৃহত্তম দুটি পর্বতশ্রেণি। এই জাগ্রোস পর্বতমালার নয়নাভিরাম একটি পর্যটন কেন্দ্রের নাম ‘আশতুরান কুহ’। লোরেস্তান প্রদেশে অবস্থিত এই পর্বত ভূমিটি ‘ইরানের আল্পস’ নামে পরিচিত। আশতুরান কুহ’র দুটি বিখ্যাত পর্বতশৃঙ্গ ‘গোলাপ’ এবং ‘সান বোরান’ যথাক্রমে ৪০৫০ মিটার ও ৪১৫০ মিটার উঁচু। ইরানের রাজধানী তেহরান থেকে ৫০০ কিলোমিটার এবং আজনা শহরের ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ পর্বত শৃঙ্গ দু’টির অবস্থান।

আশতুরান কুহ’র অন্যতম আকর্ষণীয় স্থান হলো স্বচ্ছ পানির হ্রদ। এর নাম গহর। এর দুটি অংশ উচ্চ এবং নিম্ন পর্বতের বরফ গলা পানি জমে গহর হ্রদকে রুক্ষ পাহাড়ি পরিবেশে এক টুকরা সবুজাভ পান্নার মতো রূপ দিয়েছে। পাহাড়ি ভূমিধসের ফলে এ দুটি হ্রদের সৃষ্টি হয় বলে বিজ্ঞানী বলে থাকেন।
লোরেস্তানের বনভূমি ও চারণভূমির পরিমাণ যথাক্রমে ৭৫০০০ হেক্টর ও ১২৫০০০০ হেক্টর। সামগ্রিকভাবে জাগ্রোস পর্বতমালা হালকা গাছপালায় আচ্ছাদিত। গহর হ্রদের দক্ষিণ পূর্বাঞ্চল হালকা বনানী আচ্ছাদিত। এ বনাঞ্চলে ওক, তারপিন, কাঠবাদাম, সাভিন প্রভৃতি গাছ জন্মে।
লোরেস্তানের বনাঞ্চলে বাদামি ভালুক, নেকড়ে, হায়েনা, শিয়াল, গাজেলী হরিণ, বন্য ছাগল, হরিণ, চিতাবাঘ, বিভিন্ন প্রকার সরীসৃপ, বনমোরগ, ঘুঘু প্রভৃতি জীবজন্তু ও পশুপাখি দেখা যায়। এছাড়া এখানকার হ্রদ এবং নদ-নদীতে রুই-কাতলা জাতীয় মাছও প্রচুর পাওয়া যায়।
বসন্তকালের শুরু থেকে গরমকাল পর্যন্ত অশতুরান কুহ’র ঢালু উপত্যকাসমূহ সবুজের সমারোহে ভরে উঠে। তখন পর্যটকরা এসে এর অপরূপ সৌন্দর্য দেখে অভিভূত হন।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮