ইরানের ক্রীড়া ও সংস্কৃতিমন্ত্রীর পদত্যাগ
https://parstoday.ir/bn/news/iran-i23356-ইরানের_ক্রীড়া_ও_সংস্কৃতিমন্ত্রীর_পদত্যাগ
তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর ইরানের যুব ও ক্রীড়ামন্ত্রী মাহমুদ গুদারজি এবং সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনামন্ত্রী আলী জান্নাতি পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট হাসান রুহানির মন্ত্রিসভাকে শক্তিশালী করার লক্ষ্যে তারা সরে দাঁড়িয়েছেন বলে সরকারি সূত্র থেকে জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৯, ২০১৬ ০৩:১৪ Asia/Dhaka
  • মাহমুদ গুদারজি (বামে) এবং আলী জান্নাতি
    মাহমুদ গুদারজি (বামে) এবং আলী জান্নাতি

তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর ইরানের যুব ও ক্রীড়ামন্ত্রী মাহমুদ গুদারজি এবং সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনামন্ত্রী আলী জান্নাতি পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট হাসান রুহানির মন্ত্রিসভাকে শক্তিশালী করার লক্ষ্যে তারা সরে দাঁড়িয়েছেন বলে সরকারি সূত্র থেকে জানানো হয়েছে।

ক্রীড়া মন্ত্রণালয়ের মুখপাত্র মাযিয়ার নাযেমি মঙ্গলবার বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, নিজের উপমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গুদারজি।

বিদায়ী যুব ও ক্রীড়ামন্ত্রী ২০১৩ সালের নভেম্বরে পার্লামেন্টে আস্থাভোটে জয়লাভ করেন। ইরানের সংবিধান অনুযায়ী, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার সদস্যদের নাম পার্লামেন্টে পেশ করেন। পার্লামেন্ট আলাদা আলাদাভাবে প্রত্যেক মন্ত্রীর ব্যাপারে আস্থাভোটের আয়োজন করে এবং সে ভোটে জয়ী হলেই একজন মন্ত্রী প্রেসিডেন্টের মন্ত্রিসভার সদস্য হতে পারেন।

পার্লামেন্টের ভোটাভুটিতে মাহমুদ গুদারজি উপস্থিত ২৬৭ সংসদ সদস্যের মধ্যে ১৯৯ জনের ‘হ্যা’ ভোট পান। ৪৪ আইন প্রণেতা তার বিরোধিতা করেন এবং ২৪ জন ভোটদানে বিরত থাকেন।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স’ জানিয়েছে, দেশের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনামন্ত্রী আলী জান্নাতিও পদত্যাগ করেছেন। তিনিও তিন বছরের বেশি সময় এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর মঙ্গলবার প্রেসিডেন্ট রুহানির কাছে পদত্যাগপত্র পেশ করেন।

পার্লামেন্টের আস্থাভোটে জান্নাতি পেয়েছিলেন ২৩৪টি হ্যা ভোট। ৩৬ সংসদ সদস্য তার বিরোধিতা করেছিলেন এবং ১২ জন ভোটদানে বিরত ছিলেন।

এদিকে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের শিক্ষামন্ত্রী আলী আসগার ফানি’রও পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। কিন্তু ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে তার পদত্যাগের খবরকে ‘গুজব’ বলে নাকচ করে দিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯