ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতোকোর ইরান সফর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, সৌদি হামলায় ইয়েমেনিদের হত্যা করার ঘটনাগুলো নিকৃষ্টতম সন্ত্রাসবাদ। ইরান সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতোকে দেয়া এক সাক্ষাতে তিনি এই মন্তব্য করেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ‘কিছু বেসরকারি গোষ্ঠীর সন্ত্রাসী তৎপরতার মধ্যেই সন্ত্রাসবাদ সীমিত নয়, শোক-মিছিলের জনগণের ওপর সৌদি সরকারের মত কোনো কোনো সরকারের হাতে পাইকারিভাবে শত শত মানুষ হত্যার ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদ।’ সম্প্রতি ইয়েমেনে একটি জানাজার সমাবেশে সৌদি বিমান হামলায় বহু শিশু ও নারীসহ প্রায় দেড়শ জন বেসামরিক ইয়েমেনি নিহত ও আরও বেশি সংখ্যক আহত হয়। সৌদি সরকার ওই হামলার কথা স্বীকার করেছে।
আয়াতুল্লাহ খামেনেয়ী সন্ত্রাসবাদকে মানবজাতির অন্যতম যন্ত্রণাদায়ক দুর্দশা হিসেবে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে আন্তরিক লড়াই চালানোর আহ্বান জানান।#