‘ইরানের আল্পস’ খ্যাত পার্বত্য ভূমি ‘আশতুরান কুহ’
-
আশতুরান কুহ: ইরানের আল্পস
মানব সভ্যতার সুপ্রাচীন ঐতিহ্য ও সৌন্দর্যের অন্যতম লীলাভূমি ইরান। বিচিত্র প্রকৃতির বিপুল সম্ভারে পরিপূর্ণ ইরান স্মরণাতীত কাল ধরে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে। ভূ-প্রকৃতি ও ঋতু-বৈচিত্র্য এবং মানব সংস্কৃতির বিবিধ ধারায় ইসলামী রীতিনীতি ও ঐতিহ্যের সম্মিলনে ইরান হয়ে উঠেছে অপরূপ।
অপরূপ ইরান ভ্রমণের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটকের ভীড় হয়। ইরানের বিভিন্ন আকর্ষণীয় স্থানের অন্যতম হলো জাগ্রোস পর্বতমালার নয়নাভিরাম পর্যটন কেন্দ্র ‘আশতুরান কুহ’।

জাগ্রোস পর্বতশ্রেণি ইরানের বৃহত্তম পর্বত শ্রেণি। উত্তর পশ্চিম অংশে লোরেস্তান এলাকায় অবস্থিত ‘ইরানের আল্পস’ নামে খ্যাত পার্বত্য ভূমি ‘আশতুরান কুহ’। আশতুরান কুহ’র দুটি বিখ্যাত পর্বতশৃঙ্গ ‘গোলাপ’ এবং ‘সান বোরান’ যথাক্রমে ৪০৫০ মিটার ও ৪১৫০ মিটার উঁচু। ইরানের রাজধানী তেহরান থেকে ৫০০ কিলোমিটার এবং আজনা শহরের ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ পর্বত শৃঙ্গ দু’টির অবস্থান।

আশতুরান কুহ’র অন্যতম আকর্ষণীয় স্থান হলো স্বচ্ছ পানির হ্রদ। এর নাম গহর। এর দুটি অংশ উচ্চ এবং নিম্ন পর্বতের বরফ গলা পানি জমে গহর হ্রদকে রুক্ষ পাহাড়ি পরিবেশে এক টুকরা সবুজাভ পান্নার মতো রূপ দিয়েছে। পাহাড়ি ভূমিধসের ফলে এ দুটি হ্রদের সৃষ্টি হয় বলে বিজ্ঞানী বলে থাকেন।
গহর হ্রদের প্রধান অংশের দৈর্ঘ্য ১০৫ কি.মি. এবং প্রস্থ ৬০০ মিটার। উপযুক্ত পর্যটন সুবিধা প্রদান করা গেলে এই হ্রদ শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্রে পরিণত হতে পারে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১