শহীদদের নেতা ইমাম হোসেইন (আ.)'র চেহলামে শোকাচ্ছন্ন ইরান
https://parstoday.ir/bn/news/iran-i26224-শহীদদের_নেতা_ইমাম_হোসেইন_(আ.)'র_চেহলামে_শোকাচ্ছন্ন_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (রোববার) শহীদদের নেতা ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন পালিত হচ্ছে। বিশ্বনবী (সা.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেইনের স্মরণে ইরানে শোক প্রকাশ করেছেন কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ২০, ২০১৬ ১৩:৫৭ Asia/Dhaka
  • শহীদদের নেতা ইমাম হোসেইন (আ.)'র চেহলামে শোকাচ্ছন্ন ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (রোববার) শহীদদের নেতা ইমাম হোসেইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন পালিত হচ্ছে। বিশ্বনবী (সা.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেইনের স্মরণে ইরানে শোক প্রকাশ করেছেন কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান।

কালো কাপড় পরে মসজিদসহ অন্যান্য ধর্মীয় স্থানে চেহলামের শোকানুষ্ঠানে যোগ দিয়েছেন সর্বস্তরের মানুষ। তারা রাস্তায় নেমে বুক চাপড়ে ইমামের স্মরণে শোক প্রকাশ করেন।

৬১ হিজরির ১০ই মহররম ন্যায় প্রতিষ্ঠা ও খাঁটি মোহাম্মাদি ইসলামকে বাঁচিয়ে রাখার সংগ্রাম করতে গিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন ইমাম হোসেন (আ.)। মুসলিম বিশ্বের ওপর চেপে বসা এজিদ বাহিনীর হাতে সেদিন শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন ইমাম পরিবারের বহু সদস্যসহ ইমামের ৭২ জন সঙ্গীসাথী।

মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক সেই ঘটনার মাধ্যমে ইসলাম পুনরুজ্জীবিত হয়। প্রতি বছর সে ঘটনার ৪০তম দিন ২০শে সফর পালিত হয় আরবাঈন।

এদিকে, আগামীকাল (সোমবার) ইরাকে ইমামের শাহাদাতের চেহলাম বার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে কারবালায় ইমাম হোসেইন (আ.)'র মাজারে সমবেত হয়েছেন প্রায় দুই কোটি ইমামভক্ত মুসলমান। এ উপলক্ষে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান ইরাক গেছেন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০