ট্রাম্পের টুইটার বার্তার জবাব দিলেন ব্রিটেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i50749-ট্রাম্পের_টুইটার_বার্তার_জবাব_দিলেন_ব্রিটেনে_নিযুক্ত_ইরানি_রাষ্ট্রদূত
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণকে অপমান করে টুইটার বার্তা দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ব্রিটেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ। তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নিজের দেশের জনগণের দিকে মনোনিবেশ করুন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ০২, ২০১৮ ১৩:২৯ Asia/Dhaka
  • ব্রিটেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ
    ব্রিটেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণকে অপমান করে টুইটার বার্তা দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ব্রিটেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ। তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নিজের দেশের জনগণের দিকে মনোনিবেশ করুন।

প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েকদিন ধরে ইরানের কয়েকটি শহরে সংঘটিত বিক্ষোভ ও বিচ্ছিন্ন কিছু সহিংসতায় জড়িতদের প্রতি সমর্থন দিয়ে একের পর এক টুইটার বার্তা দিয়ে যাচ্ছেন। ট্রাম্পের এসব টুইটার বার্তার বিরুদ্ধে গতকাল (সোমবার) ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বায়েদিনেজাদ।

এর আগের দিন ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, "ইরানের জনগণ খাদ্য ও স্বাধীনতার জন্য ক্ষুধার্ত। মানবাধিকারের পাশাপাশি জনগণের সম্পদও লুটপাট হয়েছে। সময় এসেছে পরিবর্তনের।"

এ বার্তার কয়েক ঘণ্টা পর বায়েদিনেজাদ নিজের টুইটার পেইজে বলেন, ইরানের জনগণকে সন্ত্রাসী বলে অপমান করার পর ট্রাম্প এখন তাদেরকে 'ক্ষুধার্ত' বলে অপমান করছেন। গত অক্টোবর মাসে ট্রাম্প এক সমাবেশে বলেছিলেন, "অন্য কয়েকটি দেশের মতো ইরানের জনগণ হচ্ছে সন্ত্রাসী।" বায়েদিনেজাদ ট্রাম্পের এ বক্তব্যকেই মূলত ইঙ্গিত করেছেন। এর পাশাপাশি 'ফিডিং আমেরিকা' নামে একটি মার্কিন অলাভজনক প্রতিষ্ঠানের সাম্প্রতিক তথ্যের বরাত দিয়ে ইরানের এ কূটনীতিক বলেন,  আমেরিকায় এখন চার কোটি ২০ লাখ মানুষ তিন বেলা খাদ্য পায় না।  তিনি আরো বলেন, প্রতি আটজনের মধ্যে একজন এ অবস্থায় রয়েছে যার অর্থ হচ্ছে চার কোটি ২০ লাখ মানুষ খাদ্যের অভাবে রয়েছে। এর মধ্যে এক কোটি ৩০ লাখ শিশু ও ৫০ লাখ বয়োঃবৃদ্ধ মানুষ রয়েছে।

বায়েদিনেজাদ বলেন, তিন মাসের বেশি সময় আগে পোর্টোরিকোতে ঘূর্ণিঝড় আঘাত হানলেও এখনো সেখানকার মানুষের জন্য বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি চালু করা হয় নি। এ অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত অন্য দেশের দিকে নজর না দিয়ে মার্কিন জনগণের সমস্যা সমাধানে তৎপরতা জোরদার করা।

আমেরিকার পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলও ইরানে সংঘটিত বিক্ষোভ ও বিচ্ছিন্ন সহিংসতায় সন্তোষ প্রকাশ করে এসব অপতৎপরতার প্রতি সমর্থন জানিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২