দূতাবাস স্থানান্তর করা হলে আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে: ইরান
-
বাহরাম কাসেমি
ইরান বলেছে, ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে নিজের দূতাবাস সরিয়ে নেয়ার জন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ছয় ডিসেম্বর ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।পাশাপাশি মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে অধিকৃত পবিত্র শহরে সরিয়ে নেয়ার ঘোষণা দেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে দূতাবাস স্থানান্তর করার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তা দেশটির অন্যতম বড় ধরনের ভুল নীতি এবং এর জন্য ওয়াশিংটনকে ভবিষ্যতে মুল্য দিতে হবে। বাহরাম কাসেমি বলেন, মার্কিনীদের সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে কড়া প্রতিক্রিয়া দেখাতে হবে।
এছাড়া, সিরিয়ার রাজধানী দামেস্কসহ দেশটির পূর্ব গৌতায় শিগগিরই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার ব্যাপারে জোর আশাবাদ ব্যক্ত করেন কাসেমি। এসব এলাকায় বেশ কিছুদিন ধরে সেনাবাহিনী এবং বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এছাড়া, সন্ত্রাসীরা পূর্ব গৌতা থেকে রাজধানী দামেস্কে বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে মর্টার হামলা চালিয়ে আসছিল। সিরিয়ার সামরিক বাহিনী পূর্ব গৌতার নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে এখন সেখানে তারা সাঁড়াশি অভিযান চালাচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬