ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ব্রিটেনে ইরানি দূতাবাসে হামলার ঘটনায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে শনিবার তলব করা হয়।
উগ্রবাদী ধর্মীয় একটি গোষ্ঠীর কয়েকজন সদস্য ব্রিটেনে ইরানি দূতাবাসে হামলা করার পর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেন। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
তিনি জানান, ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে দূতাবাসে হামলার ঘটনায় কঠোর প্রতিবাদ করা হয়েছে। পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্র ইরানের কূটনীতিক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি পালনের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ইরানি কর্মকর্তার কাছে ব্রিটিশ রাষ্ট্রদূত দুঃখ প্রকাশ করেছেন এবং ব্রিটিশ পুলিশ হামলাকারীদের কয়েকজনকে আটক করেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া, ইরানের পক্ষ থেকে দেয়া বার্তা তিনি দ্রুত ব্রিটিশ সরকারকে জানাবেন বলে উল্লেখ করেন।
শুক্রবার কয়েকজন হামলাকারী লন্ডনে ইরানি দূতাবাসের দেয়াল বেয়ে জাতীয় পতাকা নিচেই নামিয়ে ফেলে। কিন্তু ব্রিটিশ পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নি। এ ঘটনার পরপরই ইরানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিবৃতি দেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০