'সিরিয়ার বিরুদ্ধে 'বোকামিপূর্ণ' পদক্ষেপ নেয়ার আগে বারবার চিন্তা করুন'
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
সিরিয়ার বিরুদ্ধে বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালানোর অজুহাত খুঁজছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর তেহরানের পক্ষ থেকে এ সতর্কবাণী উচ্চারণ করা হলো।
আজ (বুধবার) এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে কোনো ধরনের হস্তক্ষেপমূলক নীতি গ্রহণের পূর্বে এর ফলে সৃষ্ট পরিণাম নিয়ে চিন্তাভাবনা করতে ওয়াশিংটনকে পরামর্শ দিয়েছেন।
কাসেমি বলেন, আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের শত্রুতামূলক পদক্ষেপ নতুন কিছু নয়। কিন্তু আমেরিকা এভাবে কোনো দেশের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপ করতে পারে না এবং এ ধরনের নীতি আগ্রাসন ছাড়া আর কিছুই নয়।
বাহরাম কাসেমি বলেন, "এ অঞ্চলের জাতিগুলো কখনোই তাদের ভূখণ্ডে বিদেশীদের উপস্থিতি মেনে নেবে না এবং আমরা আশা করি আমেরিকা তার বোকামিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বিষয়ে পুনর্বিবেচনা করবে।"
কিছু সংবাদ মাধ্যমে খবর এসেছে, সিরিয়ার অভ্যন্তরে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথিত লড়াইয়ে লিপ্ত মার্কিন নেতৃত্বাধীন কিছু পশ্চিমা দেশ দামেস্ক সরকারের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ গ্রহনের কথা বিবেচনা করছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ নিজ দেশের জনগণের বিরুদ্ধে রাসায়নিক হামলা চালিয়েছেন- এই অজুহাতে দামেস্কের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চাইছে এসব দেশ।#
পার্সটুডে/বাবুল আখতার/১৪