‘আমেরিকাকে ঠেকাতে চীন ও রাশিয়ার আরো ঘনিষ্ঠ হবে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i54836-আমেরিকাকে_ঠেকাতে_চীন_ও_রাশিয়ার_আরো_ঘনিষ্ঠ_হবে_ইরান’
আমেরিকার ইরান বিরোধী পদক্ষেপ প্রতিহত করতে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে তেহরান। চরম উগ্র কূটনীতিক জন বোল্টনকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার ফলে ওয়াশিংটনের ইরান বিদ্বেষী নীতি আরো কঠোর হবে বলে যখন ধারণা করা হচ্ছে তখন এ ঘোষণা দিল তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০১৮ ০২:৪৭ Asia/Dhaka
  • আলাউদ্দিন বোরুজেরদি
    আলাউদ্দিন বোরুজেরদি

আমেরিকার ইরান বিরোধী পদক্ষেপ প্রতিহত করতে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে তেহরান। চরম উগ্র কূটনীতিক জন বোল্টনকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার ফলে ওয়াশিংটনের ইরান বিদ্বেষী নীতি আরো কঠোর হবে বলে যখন ধারণা করা হচ্ছে তখন এ ঘোষণা দিল তেহরান।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি এ ঘোষণা দিয়েছেন।  তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উগ্র ব্যক্তিদের ব্যবহার প্রমাণ করে ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে আরো বেশি চাপ প্রয়োগ করতে চায়।”

তিনি বলেন, আমেরিকার অর্থনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবকে খুশি করতে ইরানের বিরুদ্ধে কঠোর আচরণ করছে ওয়াশিংটন।

বোরুজেরদি বলেন, “এ অবস্থায় আমাদেরকে চীন ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে হবে।  এসব দেশও আমেরিকার বৈরিতা ও নিষেধাজ্ঞার শিকার।”

ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। কাজেই এসব দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করলে মার্কিন চাপের প্রভাব কমিয়ে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকা সম্ভব হবে।

জন বোল্টন (মাঝখানে চশমা পরিহিত)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে এইচ. আর. ম্যাকমাস্টারকে সরিয়ে জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টনকে তার স্থলাভিষিক্ত করেন। বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন সামরিক আগ্রাসনের অন্যতম প্রধান উসকানিদাতা ছিলেন জন বোল্টন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫