'ইরানের রেড লাইন অতিক্রম করলে ইউরোপ-আমেরিকার পরাজয় নিশ্চিত'
-
আলী শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা ও ইউরোপ ইরানের রেড লাইন অতিক্রম করলে তারা নিশ্চিতভাবে পরাজিত হবে। আজ (মঙ্গলবার) রাশিয়ার উদ্দেশ্যে ইরান ত্যাগের আগে তেহরানে তিনি এ কথা বলেন। পরমাণু সমঝোতা প্রসঙ্গে তিনি বলেছেন, পরমাণু সমঝোতায় যেকোনো ধরণের পরিবর্তন ও সংস্কার অথবা তা পুরোপুরিভাবে বাস্তবায়ন না করার অর্থ হলো ওই সমঝোতা নষ্ট করা। সমঝোতাকে অস্তিত্বহীন করার সঙ্গে এর কোনো তফাৎ নেই।
আলী শামখানি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু শিল্প পুরোপুরি স্থানীয় প্রযুক্তির ওপর নির্ভরশীল। এর ফলে নানা ধরণের পদক্ষেপ ও সাফল্য অর্জনের সুযোগ কর্তৃপক্ষের হাতে রয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং তাকফিরি সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য ইরান অনেক মূল্য দিয়েছে। এ কারণে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের কিছু আঞ্চলিক মিত্রের অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপের বিষয়ে ইরান নীরব থাকতে পারে না।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, মিথ্যা নাটক সাজিয়ে ভয়-ভীতি প্রদর্শনের দিন শেষ হয়ে গেছে। এ বাস্তবতা আমেরিকাকে উপলব্ধি করতে হবে। আর তা উপলব্ধি করতে ব্যর্থ হলে এর জন্য তাদেরকেই মূল্য দিতে হবে।
ইয়েমেনের সর্বোচ্চ জাতীয় রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদকে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের হত্যার অর্থ হলো সংলাপ, যুক্তি ও রাজনৈতিক সমাধানের পথকে এড়িয়ে চলা।
আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে আলী শামখানি আজ রাশিয়া গেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪