ইরানি সামরিক উপদেষ্টাদের হত্যার জবাব পাবে ইসরাইল: তেহরান
-
রাশিয়ার সোচি শহরের উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শামখানি।তিনি এরইমধ্যে সোচিতে পৌঁছে গেছেন
সিরিয়ায় সাম্প্রতিক বিমান হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলকে শাস্তি দেয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি মঙ্গলবার রাশিয়ার উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সম্প্রতি সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইহুদিবাদী বাহিনী যার ফলে সাত ইরানি সামরিক উপদেষ্টাসহ এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়।
এ সম্পর্কে আলী শামখানি বলেন, আগ্রাসীদের শাস্তি অনিবার্য। তবে কবে কীভাবে তেল আবিবকে শাস্তি দেয়া হবে তা সময়মত ইসলামি প্রজাতন্ত্র ইরানই নির্ধারণ করবে।
ইরানের এ নিরাপত্তা কর্মকর্তা রাশিয়ার সোচিতে একটি নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ করবেন।
আলী শামখানি বলেন, “যখন একটি সরকার পরিকল্পিতভাবে অন্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে সন্ত্রাস বিরোধী যুদ্ধে রত সেনাদের ওপর হামলা চালায় তখন সে এর জবাব পাওয়ার বিষয়টিও বিবেচনা করে।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ৯ এপ্রিল জানায়, ইসরাইলের দু’টি এফ-১৫ জঙ্গিবিমান লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশ করে সেখান থেকে সিরিয়ার টি-৪ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় ইরানি সামরিক উপদেষ্টাসহ এক ডজনের বেশি মানুষ নিহত হয়।
উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীকে সামরিক উপদেশ দিয়ে সহযোগিতা করছে ইরান।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫