আফগানিস্তানে ঈদ উপলক্ষে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান
-
বাহরাম কাসেমি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকার ও তালেবান যুদ্ধবিরতি পালনের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “আরো বড় সমঝোতা অর্জন এবং আফগানিস্তানে টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে এই যুদ্ধবিরতিকে ইরান একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করে।”
একইসঙ্গে তিনি আফগানিস্তানের বর্তমান সরকারের নেতৃত্বে সেদেশে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে তেহরানের প্রস্তুতির কথাও ঘোষণা করেন।
আফগানিস্তানের তালেবান শনিবার এক বিবৃতিতে জানায়, তারা ঈদুল ফিতর উপলক্ষে মধ্য জুনে সরকারের বিরুদ্ধে তিনদিনের যুদ্ধবিরতি পালন করতে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনির পক্ষ থেকে এর আগে ওই যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছিল।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্র অথবা শনিবার এ যুদ্ধবিরতি কার্যকর শুরু হবে। রোজা ২৯টি হলে আফগানিস্তানে ঈদ হবে শুক্রবার। তবে চলতি রমজান মাস ৩০ দিনে হলে দেশটির জনগণ ঈদ পালন করবেন শনিবার।
তালেবানের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘটনাকে স্বাগত জানিয়ে আফগান প্রেসিডেন্টের উপ মুখপাত্র শাহ হোসেইন মোরতাজাভি বলেছেন, এ যুদ্ধবিরতি আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে কাবুল আশা করছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০