আমেরিকার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i58710-আমেরিকার_কারণে_আন্তর্জাতিক_বাণিজ্য_ক্ষতিগ্রস্ত_হচ্ছে_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা অন্যের ওপর নিজের নীতি চাপিয়ে দিচ্ছে এবং দেশটির একতরফা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ (রোববার) চীনের চীংদাও শহরে সাংহাই সহযোগিতা সংস্থার ১৮তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৮ ১২:৩৪ Asia/Dhaka
  • ড. হাসান রুহানি
    ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা অন্যের ওপর নিজের নীতি চাপিয়ে দিচ্ছে এবং দেশটির একতরফা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ (রোববার) চীনের চীংদাও শহরে সাংহাই সহযোগিতা সংস্থার ১৮তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

রুহানি আরও বলেছেন, আমেরিকা একতরফা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করছে।

তিনি বলেন, আমেরিকা যে আন্তর্জাতিক সমাজের নীতি-অবস্থানকে তোয়াক্কা না করে একতরফা সিদ্ধান্তে চলে তার সাম্প্রতিক দৃষ্টান্ত হচ্ছে পরমাণু সমঝোতা ইস্যুতে দেশটির সিদ্ধান্ত। ২০১৫ সালে ব্যাপক আলোচনার পর সই হওয়া পরমাণু সমঝোতা 'জেসিপিওএ' থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে গেছে। আমেরিকার একতরফা নানা পদক্ষেপ গোটা বিশ্বের জন্য ক্রমবর্ধমান হুমকি বলে তিনি ঘোষণা করেন।

রুহানি বলেন, ইরান এ পর্যন্ত পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র প্রতিবেদনেও বারবার এ বিষয়টি স্বীকার করা হয়েছে।

পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে রাশিয়া ও চীনের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষেরই দায়িত্ব হলো ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু করা।

এ সময় রুহানি সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও বিচ্ছিন্নতাবাদ দমনে ইরানের অভিজ্ঞতা ও সাফল্যের কথাও তুলে ধরেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০