ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র:
ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের নিন্দা জানাল সাংহাই সহযোগিতা সংস্থা
-
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাকায়ি
পার্স টুডে – ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকের সমাপনী ঘোষণায় যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের নিন্দা জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকের ফাঁকে সমাপনী ঘোষণার বিষয়বস্তু সম্পর্কে বলেছেন, এই ঘোষণায় জাতিসংঘ সনদের নীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দেওয়া থেকে শুরু করে সন্ত্রাসবাদ, চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদের মোকাবিলা এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মতো বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, অন্যান্য বিষয়ের তুলনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সাংহাই সহযোগিতা সংস্থার নেতারা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে এই অবস্থান একদিকে যেমন পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা ও এর গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর উদ্বেগের প্রতিফলন, অন্যদিকে তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানানোর দৃঢ় সংকল্পেরও প্রকাশ।
বাকায়ি ইরানের জন্য সাংহাই সহযোগিতা সংস্থার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন, “২০২৩ সাল থেকে আমরা এই সংস্থার ১০টি সদস্য দেশের একটি। এই সংস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার পাশাপাশি মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ এবং ভারত ও পাকিস্তানও রয়েছে।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, সাংহাই সহযোগিতা সংস্থা ব্রিকসের মতো অন্যান্য অনুরূপ সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘ-সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের দুর্বল হয়ে পড়ার ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা অনেকাংশে পূরণ করতে সক্ষম।
সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠক বৃহস্পতিবার ও শুক্রবার কিরগিজস্তানে অনুষ্ঠিত হয়। বৈঠকটি একটি যৌথ ঘোষণা প্রকাশ এবং কয়েকটি নথিতে স্বাক্ষরের মাধ্যমে সমাপ্ত হয়। #
পার্সটুডে/এমএএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।