‘সাংহাই প্লাস’ভুক্ত দেশগুলো বহুমেরু বিশ্ব বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে: পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বহুপাক্ষিকতা, রাষ্ট্রগুলোর সার্বভৌম মর্যাদা এবং আইনের শাসনের ভিত্তিতে একটি বহুমেরু বিশ্বব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়ে বৈশ্বিক ঘটনাবলির মোকাবিলায় জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের আরও ন্যায়সংগত ও কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন।
ইরনা-এর বরাতে পার্সটুডে জানিয়েছে, মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সদস্য, পর্যবেক্ষক ও অংশীদার দেশগুলোর নেতাদের ‘সাংহাই প্লাস’ বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ইরানের প্রেসিডেন্ট আন্তর্জাতিক ব্যবস্থায় চলমান পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বহুপাক্ষিকতা, রাষ্ট্রগুলোর সার্বভৌম মর্যাদা এবং আইনের শাসনের ভিত্তিতে একটি বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বিভিন্ন দেশের আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখার আগ্রহের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন যেন একটি ক্ষমতাকেন্দ্রের পরিবর্তে অন্য একটি ক্ষমতাকেন্দ্র প্রতিষ্ঠা কিংবা নতুন কোনো আধিপত্যের জন্ম না দেয়।
ইরানের প্রেসিডেন্ট সামরিক আগ্রাসন, গণহত্যা, যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ এবং অবৈধ নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি গাজা, লেবানন এবং ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনের ক্ষেত্রে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের ভূমিকা ‘অত্যন্ত হতাশাজনক’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বেসামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। পেজেশকিয়ানের মতে, এসব কর্মকাণ্ড জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আন্তর্জাতিক ব্যবস্থার বিভিন্ন প্রক্রিয়া এবং কূটনৈতিক সমাধানের পথের ওপর দেশগুলোর আস্থা দুর্বল হয়ে যেতে পারে।
একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট কূটনীতি ও আলোচনাকে বিরোধ নিষ্পত্তির প্রধান পথ হিসেবে উল্লেখ করেন। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি সদিচ্ছা, প্রতিশ্রুতির প্রতি সম্মান এবং শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার ওপর জোর দেন।#
পার্সটুডে/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।